গৃহবধূর মৃত্যুর ঘটনা তদন্তের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে গৃহবধূ সুমী চৌধুরীর মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন করেছেন সরকারি সিটি কলেজের শিক্ষার্থী ও সুমীর পরিবারের সদস্যরা। গতকাল মঙ্গলবার দুপুরে নগরের বৌদ্ধ মন্দির মোড় থেকে ‘মৌন মিছিল’ বের করেন সুমীর সহপাঠীরা। মিছিলটি চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হলে সেখানে মানববন্ধন করা হয়।মানববন্ধনে অংশ নেন সুমী চৌধুরীর মা কনক চৌধুরীসহ পরিবারের সদস্যরা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নগরের দেওয়ানবাজার ওয়ার্ডের কাউন্সিলর হাসান মাহমুদ। মানববন্ধনে কনক চৌধুরী বলেন, ‘যৌতুকের জন্য নির্যাতন করে আমার মেয়েকে মেরে ফেলা হয়েছে। আমি চাই, সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ ঘটনার বিচার দ্রুত শেষ করা হোক।’ এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন।উল্লেখ্য, গত ১৪ মার্চ নগরের ডবলুমরিং থানার দক্ষিণ নালাপাড়ায় শ্বশুরবাড়িতে রহস্যজনকভাবে মারা যান সুমী চৌধুরী। তিনি নগরের সরকারি সিটি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সম্মান শ্রেণীর চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।সুমীর পরিবারের অভিযোগ, যৌতুকের জন্য সুমীকে হত্যা করেছে শ্বশুরবাড়ির লোকজন। সুমীর স্বজনেরা তাঁর স্বামী জয় প্রকাশ চৌধুরীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।