গৃহবধূর মৃত্যুর ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বড়গাঁও গ্রামের গৃহবধূ পলি আক্তারের (২৫) মৃত্যুর প্রকৃত কারণ ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। পলির পরিবারের দাবি, যৌতুকের কারণে তাঁকে হত্যা করা হলেও বিষয়টি আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে আপস করতে তাঁদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে।গত ৫ অক্টোবর রাতে উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের বড়গাঁও গ্রামের মাসুদ মিয়ার বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় পলির লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পলির বড় ভাই খালেকুজ্জামান বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ত্রিশাল থানায় মামলা করেন। পরিবারের অভিযোগ, বিয়ের ছয় বছর কেটে গেলেও স্বামী মাসুদ মিয়া ও তাঁর পরিবারের লোকজন যৌতুকের জন্য নানা সময়ে পলির ওপর চাপ সৃষ্টি করে আসছিলেন। মৃত্যুর পাঁচ দিন আগেও মাসুদ মিয়া তিন লাখ টাকা যৌতুক চেয়ে পলিকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন। কিন্তু এই টাকা দেওয়া সম্ভব হয়নি। পরে স্থানীয় সালিসের মাধ্যমে মাসুদ মিয়াকে বুঝিয়ে-শুনিয়ে পলিকে স্বামীর বাড়িতে পাঠানো হয়। এর পরই তাঁর এই রহস্যজনক মৃত্যুর ঘটনা।খালেকুজ্জামান অভিযোগ করেন, তাঁর বোনের ময়নাতদন্তের অগ্রগতি জানতে তিনি ১৭ অক্টোবর ময়মনসিংহ মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগে যান। এ সময় ওই বিভাগের চিকিৎসক মঞ্জুরুল কাদের তাঁকে মামলা তুলে নিয়ে আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে বিষয়টি আপস করার প্রস্তাব দেন। খালেকুজ্জামান বলেন, চিকিৎসকের ওই বক্তব্য থেকে তাঁদের ধারণা, কোনো মহল পলির মৃত্যুর ঘটনাকে ধামাচাপা দিতে চাইছে। তাঁর অভিযোগ, মামলা তুলে নিয়ে আপস করার জন্য স্থানীয় কয়েকজন ক্ষমতাশালী ব্যক্তিও চাপ সৃষ্টি করছেন। কিন্তু ভয়ে তাঁদের নাম প্রকাশ করতে পারছেন না।ময়নাতদন্তকারী চিকিৎসক মঞ্জুরুল কাদের আপসের প্রস্তাব দেওয়ার বিষয়টি অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘আমার কাজ ডাক্তারি করা, মানুষের মামলা মেটানোর জন্য দেনদরবার করা নয়।’ তিনি বলেন, যথাসময়ে ময়নাতদন্তের প্রতিবেদন প্রকাশ করা হবে। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, পলির গলায় যে দাগ দেখা গেছে তা থেকে অনুমান করা যায়, তাঁকে হয়তো শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তার পরও ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে। আসামি মাসুদ মিয়া বর্তমানে পলাতক।