গৃহবধূর মৃত্যুর ঘটনায় আপসের প্রস্তাব?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পুরোনো গরুহাটায় ফরিদা সুলতানা (২০) নামের এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় তাঁর স্বামী আল-আমিনের পক্ষ থেকে আপসের প্রস্তাব দেওয়া হয়েছে। আল-আমিন গত বৃহস্পতিবার ওই প্রস্তাব দেন বলে জানান ফরিদার পরিবারের সদস্যরা।
তাঁরা অভিযোগ করেন, যৌতুকের জন্য দীর্ঘদিন ধরে ফরিদার ওপর মানসিক নির্যাতনের পর তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাঁরা এ দাবির পক্ষে কিছু যুক্তিও তুলে ধরেন। ফরিদার ফুফাতো ভাই তফাজ্জল হোসেন ও চাচা আবদুল হক জানান, গত শনিবার বিকেলে আল-আমিন শ্বশুরবাড়িতে গিয়ে ব্যবসা করার জন্য পাঁচ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে রাতে আল-আমিন ফুলবাড়িয়ার তাঁর ভাড়া বাসায় চলে যান। পরদিন রোববার সকালে ফরিদা স্বামীর বাসায় গেলে আল-আমিন তাঁকে তাড়িয়ে দেন। পরে ওই দিন বিকেলে আল-আমিন আবার ফরিদাকে ফোন করে তাঁর বাসায় আসতে বলেন। ফরিদা সন্ধ্যার আগেই আল-আমিনের বাসায় চলে যান।
রাত আটটার দিকে আল-আমিন ফরিদার ছোট বোন হাজেরা সুলতানাকে ফোন করে বলেন, ‘তোমার বোন বাথরুমে ঝুলছে।’ হাজেরা তখন আল-আমিনকে পাল্টা প্রশ্ন করে ‘বাথরুমে তো ফাঁসিতে ঝোলার মতো জায়গা নাই’। তখন আল-আমিন বলেন, ‘বাথরুমে না, তোমার বোন রান্নাঘরে ফাঁসিতে ঝুলছে।’
পরে ফরিদার মা মুঠোফোন টেনে নিলে আল-আমিন বলেন, আপনার মেয়ে গলায় ফাঁস দিয়ে মারা গেছে। কিন্তু প্রায় ১০ মিনিট পর আল-আমিনের মুঠোফোনে ফোন করলে আল-আমিন ফোন ধরেন। এ সময় তাঁরা ফরিদার আর্তনাদও শুনতে পান বলে জানান।
ঘটনার প্রথম প্রত্যক্ষদর্শী দাবি করে প্রতিবেশী ও ফরিদার দূরসম্পর্কের ভাই আজাহার উদ্দিন জানান, তিনি ঘরে ঢুকে দেখেন, ফরিদার লাশ খাটে পড়ে আছে। এ সময় তিনি আল-আমিনের কাঁধে খামছির চিহ্নও দেখতে পান।
ঘটনার তিন দিন পর আল-আমিনের পরিবার থেকে আপস করার প্রস্তাব আসছে বলে জানান ফরিদার চাচা আবদুল হক। তিনি জানান, আল-আমিনের চাচা কবির হোসেন এ প্রস্তাব দিয়েছেন। কবির হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘গ্রামের গণ্যমান্য কিছু লোক আমার কাছেও আপসের প্রস্তাব দিয়েছেন। আমি নিজে কোনো আপসের প্রস্তাব দেই নাই।’
মামলার তদন্ত কর্মকর্তা ফুলবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া এ ব্যাপারে কিছু বলা যাবে না।
গত রোববার রাতে পুরোনো গরুহাটা এলাকার ভাড়াবাড়ি থেকে ফরিদার লাশ উদ্ধার করা হয়। ওই দিন আল-আমিন বিষয়টিকে আত্মহত্যা বলে প্রচার করেন। ফরিদার বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার জোড়বাড়িয়া গ্রামে।