গৃহবধূর মৃত্যুর ঘটনায় রহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চৌদ্দগ্রামে গতকাল মঙ্গলবার দুপুরে খাদিজা আক্তার নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার শ্রীপুর ইউনিয়নের নালঘর গ্রামের হানু মিয়ার ছেলে ফারুক মিয়ার স্ত্রী।এলাকাবাসী জানায়, শ্রীপুরের দোসরি গ্রামের দুবাইপ্রবাসী জাহাঙ্গীর আলমের মেয়ে খাদিজার সঙ্গে দুই বছর আগে ফারুকের বিয়ে হয়। তাঁদের সাত মাস বয়সী একটি মেয়ে আছে। নিহত গৃহবধূর চাচি নাছিমা আক্তার বলেন, সম্প্রতি ফারুক ইতালি যাওয়ার জন্য শ্বশুরবাড়ি থেকে পাঁচ লাখ টাকা এনে দিতে খাদিজাকে চাপ দিচ্ছিলেন। গতকাল সকালে খাদিজা ওই টাকার জন্য মায়ের কাছে ফোন করেন। কিন্তু খাদিজার দরিদ্র মা-বাবার পক্ষ থেকে ওই টাকা দেওয়া সম্ভব নয় বলে জানানো হয়। এর পরই ফারুক ও তাঁর মা-বাবা মিলে খাদিজাকে পিটিয়ে আহত করে মুখে বিষ ঢেলে দেন বলে অভিযোগ করেন নাছিমা আক্তার। তিনি আরও জানান, আশঙ্কাজনক অবস্থায় খাদিজাকে চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে হাসপাতালে লাশ ফেলে খাদিজার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, ময়নাতদন্তের জন্য গৃহবধূর লাশ মর্গে পাঠানো হয়েছে।