গৃহবধূর ময়নাতদন্ত সম্পন্ন, স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট সদর হাসপাতালের হিমঘরে পড়ে থাকার ১৮ দিন পর গতকাল বুধবার ভারতে গৃহবধূ সেলিনা আক্তারের লাশের ময়নাতদন্ত হয়েছে। অপরদিকে ভারতের পুলিশ খুনের অভিযোগে তাঁর স্বামী রুবেল হোসেনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, ২৭ সেপ্টেম্বর রাত দুইটার দিকে পাটগ্রাম উপজেলায় ভারতীয় ভোটবাড়ী (জহরআলী) ছিটমহলে খুন হন অন্তঃসত্ত্বা সেলিনা আক্তার (২৬)। এরপর ১৮ দিন ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গের হিমঘরে তাঁর লাশটি পড়ে ছিল।
পাটগ্রাম থানা-পুলিশ সূত্র জানায়, বুড়িমারী স্থলবন্দরের ওপাড়ে চ্যাংরাবান্ধা স্থলবন্দরের জিরো পয়েন্টে কোচবিহার জেলা পুলিশের মেখলিগঞ্জ থানার সার্কেল ইন্সপেক্টর বিশ্বজিৎ মজুমদার ও পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামানসহ বিজিবি ও বিএসএফের কর্মকর্তাদের মধ্যে গতকাল বৈঠক হয়। এরপর সেলিনা আক্তারের আত্মীয় হাবিবুর রহমান বাদী হয়ে রুবেল হোসেনকে আসামি করে মেখলিগঞ্জ থানায় সার্কেল ইন্সপেক্টর বিশ্বজিৎ মজুমদারের কাছে মামলা করেন।
বিশ্বজিৎ মজুমদার বলেন, দুই দেশের উচ্চপর্যায়ের সিদ্ধান্তে ভোটবাড়ী ছিটমহলের বাসিন্দা সেলিনা বেগমের লাশ ময়নাতদন্তের জন্য ভারতের মাথাভাঙ্গা হাসপাতাল মর্গে পাঠানো হয়। এরপর মামলার নথিপত্রসহ ওই ছিটমহলে গিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সত্যতা পাওয়ায় রুবেল হোসেনকে বাংলাদেশি পুলিশ ও বিজিবির সহযোগিতায় গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, রুবেল হোসেন আগে চোরাকারবার-সংক্রান্ত অপর এক মামলায় ভারতে চার বছর সাজাভোগ করেছেন।
পাটগ্রাম থানার ওসি আমিরুজ্জামান বলেন, ময়নাতদন্ত শেষে গতকাল বিকেলে ভারতের পুলিশ লাশটি ফেরত দেয়। এরপর লাশ তাঁর আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করা হয়। গত রাতেই উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারমারা গ্রামে লাশ দাফন করা হয়েছে।