গৃহবধূর লাশ উত্তোলন নির্যাতনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের কাহারোল উপজেলার জয়নন্দ গ্রামে কবর থেকে এক গৃহবধূর লাশ তোলা হয়েছে। স্বামীর নির্যাতনে মৃত্যু হয়েছে বলে মামলা হলে আদালতের নির্দেশে মমতাজ বেগমের লাশ শনিবার কবর থেকে তোলা হয়। পুলিশ এ তথ্য জানিয়েছে।মামলার বাদী গৃহবধূর বড় ভাই বীরগঞ্জ পৌর এলাকার মো. রেজওয়ানুর রহমান সাংবাদিকদের জানান, ২০০৯ সালের জানুয়ারি মাসে কাহারোলের ডাবর ইউনিয়নের সৈয়দপুর (জয়নন্দ হাট) গ্রামের ওয়াসেকুর রহমানের (২৬) সঙ্গে তাঁর বোন মোসা. মমতাজ বেগম ওরফে টুম্পার (২৩) বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী ও শ্বশুর-শাশুড়ি মমতাজকে বাবার বাড়ি থেকে পাঁচ লাখ টাকা নিয়ে আসার জন্য চাপ দিতে থাকেন। এ জন্য মমতাজের ওপর চলতে থাকে নির্যাতন। তাঁদের দাবি, ওয়াসেকুর ৫ সেপ্টেম্বর মমতাজকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। তিনি বীরগঞ্জ বাবার বাড়িতে চলে আসেন। মমতাজের বাবা মো. মজিবর রহমান জানান, নির্যাতনের বিবরণ ও কারণ জেনে তিনি ছেলের সঙ্গে পরামর্শ করে একমাত্র মেয়ের সুখের কথা ভেবে সামর্থ্য অনুযায়ী টাকা দেওয়ার আশ্বাস দেন। জামাই রাজি হলে ভাই রেজওয়ানুর ৮ সেপ্টেম্বর বিকেলে বোনকে স্বামীর বাড়িতে রেখে আসেন। পরদিন ৯ সেপ্টেম্বর মমতাজের স্বামী ওয়াসেকুর মুঠোফোনে শ্বশুরের কাছে মমতাজের গুরুতর অসুস্থতার খবর দেন। রেজওয়ানুর জানান, বোনের অসুস্থতার খবর শুনে তিনি বাবা মজিবর রহমান ও এক চাচাতো ভাইসহ মোটরসাইকেল নিয়ে কাহারোলের জয়নন্দ বাজারে বোনের শ্বশুরবাড়ি যান। কিন্তু সেখানে গিয়ে জানতে পারেন, মমতাজ মারা গেছেন এবং তাঁরা আসার আগেই তাঁর দাফন সম্পন্ন হয়েছে। প্রতিবেশী লোকজনের কাছে জানতে পারেন, নির্যাতনের ফলে মমতাজের মৃত্যু হয়েছে। রেজওয়ানুর রহমান অভিযোগ করেন, এ ব্যাপারে সংশ্লিষ্ট কাহারোল থানায় মামলা করতে গেলে পুলিশ আদালতে মামলা করার পরামর্শ দেয়। ১২ সেপ্টেম্বর তিনি নিজে বাদী হয়ে দিনাজপুর জেলা নারী ও শিশু নির্যাতন দমন আদালতে বোনকে নির্যাতন করে হত্যার অভিযোগ এনে স্বামী ওয়াসেকুরসহ ছয়জনকে আসামি করে মামলা করেন। বিচারক কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ঘটনাটি তদন্ত করে ৬০ কার্য দিবসের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। একই সঙ্গে আদালতের নির্দেশে দিনাজপুরের বিচারিক হাকিম (জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) মোহাম্মদ তোফাজ্জল হোসেনের উপস্থিতিতে কাহারোল থানার পুলিশ শনিবার সকাল ১০টার দিকে কবর থেকে মমতাজের লাশ তোলে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সফিকুল আলম জানান, তিনি লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। ওই দিনই দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে বলে তিনি জানান।মমতাজের স্বামীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। তবে তাঁর শ্বশুর এনামুল হক প্রথম আলোকে বলেন, ‘হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই মমতাজ মারা যায়।’ তাঁকে নির্যাতন করা হয়নি বলে তিনি দাবি করেন।কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম গত রোববার প্রথম আলোকে বলেন, পুলিশ ঘটনা তদন্ত করছে। মারা যাওয়ার সাত দিন পর কবর থেকে লাশ তুলে শরীরের নির্যাতনের চিহ্ন বোঝা সম্ভব নয়। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।