গৃহবধূর লাশ উদ্ধার, খোঁজ মিলছে না ছেলেমেয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের সিলিন্দা অভয়ের মোড় এলাকার একটি বাড়ি থেকে গত বৃহস্পতিবার গৃহবধূ সাজেদা বেগমের লাশ উদ্ধার করা হয়েছে। সাজেদার দুই ছেলেমেয়ের খোঁজ মিলছে না।প্রতিবেশীরা জানান, প্রায় ১৫ দিন ধরে বাড়িটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। গত বৃহস্পতিবার বিকেলের দিকে প্রতিবেশীরা ওই বাড়ি থেকে দুর্গন্ধ পান। স্থানীয় কয়েকজন ব্যক্তি প্রাচীর টপকে বাড়িতে প্রবেশ করে বুঝতে পারেন, ঘরের ভেতর থেকে গন্ধ আসছে। তাঁরা নগরের রাজপাড়া থানায় খবর দেন। পুলিশ ওই দিনই ঘরের তালা ভেঙে সাজেদার লাশ উদ্ধার করে। গতকাল ময়নাতদন্ত শেষে মরদেহ সাজেদার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।সাজেদার মা রাখি বেওয়া জানান, ১৪ থেকে ১৫ বছর আগে সাজেদার সঙ্গে দিনাজপুরের রামগড় এলাকার হারুনুর রশিদের (৩৫) বিয়ে হয়। এর পর থেকেই সাজেদা স্বামীর সঙ্গে রাজশাহী নগরের বিভিন্ন স্থানে বাড়িভাড়া নিয়ে থাকতেন। গত নভেম্বর থেকে তাঁরা সিলিন্দার ওই বাড়িতে থাকেন। রাখি আরও জানান, কয়েক মাস আগে হারুন সিলিন্দা এলাকার পলি বেগমকে (২০) বিয়ে করে ওই বাড়িতে নিয়ে যান। বিষয়টি নিয়ে সাজেদার সঙ্গে দ্বন্দ্ব চলছিল। রাখি অভিযোগ করেন, এর জের ধরে হারুন ও পলি সাজেদাকে হত্যা করে পালিয়ে যান। এখন সাজেদার ছেলে ইয়াসিন মিয়া (৯) ও মেয়ে সুইটি বেগমের (৮) খোঁজ মিলছে না।হত্যার ঘটনায় রাখি বেওয়া গত বৃহস্পতিবার রাতে হারুন ও পলিসহ অজ্ঞাত কয়েকজনের নামে মামলা করেন। রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকাররম হোসেন বলেন, ‘লাশের পচন ধরেছে। অন্তত ১০ দিন আগে সাজেদাকে হত্যা করা হয়। এ ব্যাপারে মামলা হয়েছে।’ মামলার তদন্ত কর্মকর্তা রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা জানান, সাজেদার দুই ছেলেমেয়েকে উদ্ধারের চেষ্টা চলছে।