গৃহবধূর লাশ উদ্ধার
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহামঞ্চদপুর ইউনিয়নের চর আলাউদ্দিন গ্রামের একটি বাড়ি থেকে গত সোমবার সন্ধ্যায় জহুরা খাতুন (১৯) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশটি গতকাল মঙ্গলবার নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী আনোয়ার হোসেনকে (১৮) থানায় এনে জিজ্ঞাসাবাদ করার পর ছেড়ে দিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ১১ মাস আগে চর আলাউদ্দিন গ্রামের আনোয়ার হোসেন এবং একই এলাকার জহুরা খাতুন নিজেদের পছন্দে বিয়ে করেন। বিয়ের কিছুদিন যেতে না যেতেই স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়। গত সোমবার সকালেও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। যার জের ধরে জহুরা ঘরে থাকা বিষ পান করেন। বিষয়টি টের পেয়ে ঘরের লোকজন চিকিৎসককে খবর দেন। কিন্তু চিকিৎসক বাড়িতে আসার আগেই জহুরা মারা যান। মৃত্যুকালে তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। সুবর্ণচরের চরজব্বার থানার উপপরিদর্শক (এসআই) নুরুল আমিন সন্ধ্যায় লাশটি উদ্ধার করেন। নুরুল আমিন প্রথম আলোকে বলেন, বিয়ের কিছুদিন যেতে না যেতেই স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মতের অমিল দেখা দেয়। যার জের ধরে জহুরা আত্মহত্যা করেছেন বলে পরিবারের লোকজন জানিয়েছেন।
পুলিশ জানায়, লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন না থাকলেও মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।