গৃহবধূর লাশ উদ্ধার, গ্রেপ্তার ২
দক্ষিণ কেরানীগঞ্জের পারগেন্ডারিয়া এলাকার একটি ফ্ল্যাট থেকে গত শুক্রবার শাহিনুর আক্তার (২৪) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহতের পরিবারের অভিযোগ, পারিবারিক কলহের জের ধরে শাহিনুরকে তাঁর স্বামী শ্বাসরোধে হত্যা করেছেন। এ ঘটনায় শাহিনুরের স্বামী মো. শাহিন (২৮) ও শাশুড়ি রাজিয়া বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও শাহিনুরের পারিবারিক সূত্রে জানা গেছে, চার বছর আগে শরীয়তপুরের জাজিরা উপজেলার শাহিনুর ও শাহিন বিয়ে করেন। কিন্তু শাহিনের মা এই বিয়ে মেনে নেননি। এ নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। বিয়ের পর থেকে তাঁরা পারগেন্ডারিয়া এলাকার একটি বাড়ির চতুর্থ তলার এক ফ্ল্যাটে ভাড়া থাকতেন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে পুলিশ বাড়ির মালিকের ফোন পেয়ে নিজ কক্ষ থেকে শাহিনুরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
শাহিনুরের মা জামিলা বেগম জানান, শাহিন ও তাঁর মা রাজিয়া বেগম পরিকল্পিতভাবে শ্বাসরোধে শাহিনুরকে হত্যা করে পালিয়ে যাচ্ছিলেন। এ সময় বাড়ির অন্য ভাড়াটেরা তাঁদের আটক করে বাড়ির মালিককে খবর দেন। পরে পুলিশ এসে তাঁদের আটক করে থানায় নিয়ে যায়।
তবে রাজিয়া বেগম দাবি করেন, ‘শাহিনুরের মৃত্যুর ঘটনায় আমরা জড়িত নই।’
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক আশ্রাফ আলী চৌধুরী জানান, ওই গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ব্যাপারে নিহতের মা জামিলা বেগম বাদী হয়ে একটি মামলা করেছেন।