গৃহবধূর লাশ উদ্ধার, বাবার দাবি হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ রেলস্টেশনসংলগ্ন এলাকা থেকে গতকাল শনিবার শাম্মি আক্তার (১৯) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শাম্মি উপজেলার রাখালবুরুজ গ্রামের সাফি সরকারের স্ত্রী।

তবে শাম্মির বাবা জহুরুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘আমার মেয়েকে সাফি সরকার ও তার লোকজন পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমি এর বিচার চাই।’

গাইবান্ধা রেলওয়ে থানার পুলিশ সূত্রে জানা গেছে, শাম্মির বাবার বাড়ি উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইর চরপাড়া গ্রামে। দেড় বছর আগে শাম্মির সঙ্গে রাখালবুরুজ গ্রামের আবদুল জব্বারের ছেলে সাফি সরকারের বিয়ে হয়। শাম্মি ও সাফি পছন্দ করে বিয়ে করায় মেয়ের বাবা-মা তা মেনে নেননি। বিয়ের পর থেকে শাম্মি বাবার বাড়ি পুনতাইর চরপাড়া গ্রামে ছিলেন। শাম্মি গত শুক্রবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। স্থানীয় লোকজন মহিমাগঞ্জ রেলস্টেশনের উত্তর পাশে হোম সিগন্যালসংলগ্ন এলাকায় গতকাল সকালে শাম্মির লাশ পড়ে থাকতে দেখে গাইবান্ধা রেলওয়ে থানায় খবর দেন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।

ঘটনার পর থেকে সাফি সরকার গা ঢাকা দিয়েছেন। তাঁর মুঠোফোনও বন্ধ রয়েছে।