গৃহবধূর লাশ উদ্ধার, স্বামীসহ আটক ৩
কুষ্টিয়ার মিরপুরে কবরবাড়িয়া গ্রামে আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে সম্পা খাতুন ওরফে কুমকুমি (১৯) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় পুলিশ সম্পার শ্বশুর শের মালিথা (৪২), স্বামী রুবেল মালিথা (২৪) ও দেবর সোহেল মালিথাকে (১৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়েছে।
সম্পার বাবা আবদুল কুদ্দুস জানান, বিয়ের পর থেকে রুবেল প্রায়ই তাঁর মেয়েকে মারধর করতেন। ভালোবেসে বিয়ে করায় সম্পা মুখ খুলে বলতেন না। ঘটনার দিন রাতেও তাঁকে মারধর করা হয়েছে। একপর্যায়ে তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ব্যাপারে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
সম্পার পরিবারের সদস্যরা জানান, তিন মাস আগে রুবেলকে ভালোবেসে সম্পা বিয়ে করেন। বিয়ের পরে সম্পা জানতে পারেন তাঁর স্বামী রুবেল মাদকাসক্ত। স্থানীয় বাজারে সেলুনে কাজ করে তিনি যা আয় করতেন, সবই গাঁজা সেবন করে ও জুয়া খেলে শেষ করে দিতেন। এ নিয়ে তাঁদের দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া হতো।
প্রতিবেশী অমল মালিথা বলেন, ‘গতকাল রাত পৌনে ১২টার দিকে সম্পার বাড়ির ভেতর থেকে কান্নার শব্দ শুনতে পাই। গিয়ে দেখি সম্পা শোবার ঘরে বিছানায় কাত হয়ে পড়ে আছে।’
সম্পার শ্বশুর শের আলী প্রথম আলোকে বলেন, ‘ছেলে রুবেল গাঁজা সেবন করত। যা আয় করত, তার সবটুকু জুয়া খেলে শেষ করে ফেলত। তবে কী কারণে সম্পার মৃত্যু হয়েছে, তা বলতে পারি না।’
এ ব্যাপারে পুলিশের গাড়িতে থাকা অবস্থায় রুবেল প্রথম আলোকে বলেন, ‘রাত ১০টার দিকে খাবার খেয়ে বিছানায় দুজন শুয়ে পড়ি। একপর্যায়ে দেখতে পাই সম্পা বমি করছে। পরে তার নাক দিয়ে রক্ত পড়তে থাকে। এর বেশি কিছু জানি না।’
মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) শেখ শহিদুল ইসলাম বলেন, মৃতদেহের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তবে নাক দিয়ে রক্ত পড়তে দেখা গেছে। বিষের গন্ধ বা গলায় কোনো আঘাতের চিহ্নও দেখা যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।