গৃহবধূর লাশ উদ্ধার, স্বামীসহ চারজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের দক্ষিণ সুরমার খোজারখলার একটি বাসা থেকে গতকাল শুক্রবার দুপুরে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। খোজারখলা এ ব্লকের ১১৬ নম্বর বাসায় ফাইজা বেগম (২২) নামের ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে তাঁর স্বামীর দাবি। তবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে অভিযোগ উঠলে পুলিশ স্বামীসহ চারজনকে আটক করে।
দক্ষিণ সুরমার চার মাইল গ্রামের বাসিন্দা ফাইজার সঙ্গে প্রায় এক মাস আগে বিয়ে হয় খোজারখলার আতিকুর রহমান ওরফে সুমনের। পুলিশ জানায়, স্ত্রী ফাইজা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে গতকাল দুপুর ১২টার দিকে তাঁর স্বামী পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখেন ফাইজার মরদেহ বাসার গ্রিলের সঙ্গে বাধা। সেখানে ফাঁস লাগানোর অবস্থাও ছিল না। এ নিয়ে পুলিশের সন্দেহ হলে ফাইজার পরিবারও ঘটনাটি হত্যাকাণ্ড বলে সন্দেহ প্রকাশ করলে পুলিশ স্বামী আতিকুর রহমানকে আটক করে।
দক্ষিণ সুরমা থানার উপপরিদর্শক (এসআই) শফিকুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।