গৃহবধূর লাশ খালে ফেলতে গিয়ে স্বামী-সতিন আটক
যশোরের চৌগাছা উপজেলায় রহিমা খাতুন (২৮) নামের এক গৃহবধূর লাশ বস্তায় ভরে খালে ফেলার সময় হাতেনাতে ধরা পড়েছেন তাঁর স্বামী, সতিন ও লাশটি বহনকারী অটোরিকশার চালক। তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী পরে আরও দুজনকে আটক করা হয়।
আজ রোববার বিকেলে উপজেলার আড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
হাতেনাতে ধরা পড়া ব্যক্তিরা হলেন রহিমার স্বামী জহুরুল ইসলাম, রহিমার সতিন ফাতেমা-তুজ-জোহরা ও অটোরিকশার চালক শহিদুল ইসলাম। পরে আটক হন ফাতেমার দুই ভাই রেজয়ানুল ইসলাম ও রফিকুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, চৌগাছার হুদা হাজিপুর গ্রামের জহুরুল ইসলাম প্রথম বিয়ে করেন সদর উপজেলার বারীনগর গ্রামের ফাতেমা-তুজ-জোহরাকে। সম্প্রতি জহুরুল খুলনায় গিয়ে রহিমা খাতুনকেও বিয়ে করেন। তবে রহিমাকে তিনি যশোরে আনেননি। রহিমা খুলনাতেই থাকতেন।
পুলিশ বলেছে, নিজের বাড়ি চৌগাছার হুদা হাজিপুর গ্রামে হলেও জহুরুল সদর উপজেলার বারীনগরে প্রথম স্ত্রীর বাবার বাড়িতে থাকতেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন আটককৃত ব্যক্তিদের স্বীকারোক্তির বরাত দিয়ে প্রথম আলোকে বলেন, জহুরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী ও শ্যালকেরা রহিমাকে খুন করার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী কয়েক দিন আগে রহিমাকে জহুরুল বারীনগরের প্রথম স্ত্রীর বাবার বাড়িতে ডেকে নিয়ে যান।
ওসি বলেন, গতকাল শনিবার মধ্য রাতে রহিমাকে তাঁর স্বামী, সতিন ও সতিনের ভাইয়েরা শিল-পাটা দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেন। আজ বিকেলে জহুরুল ও ফাতেমা লাশ বস্তায় ভরে অটোরিকশায় চেপে চৌগাছার আড়পাড়া কালভার্টের কাছে যান।
তাঁরা বস্তাটি খালে ফেলে চলে যাওয়ার সময় স্থানীয় লোকজনের সন্দেহ হয়। তাঁরা অটোরিকশার চালকসহ তাঁদের আটক করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাটি উদ্ধার করে ভেতর থেকে লাশ বের করে।
পরে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী, ফাতেমার দুই ভাই রেজয়ানুল ইসলাম ও রফিকুল ইসলামকে আটক করা হয়।