গৃহবধূর লাশ ফেলে পলায়ন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পলি আক্তার (১৯) নামের এক গৃহবধূর লাশ ফেলে পালিয়ে গেছেন স্বামী ও শ্বশুর। পলির পরিবারের অভিযোগ, যৌতুক না দেওয়ায় তাঁকে হত্যা করা হয়েছে।হাসপাতাল সূত্র জানায়, গতকাল সন্ধ্যা সাতটার দিকে পলিকে হাসপাতালে নিয়ে আসেন তাঁর স্বামী মো. রায়হান, শ্বশুর রকিব কাজীসহ কয়েকজন। চিকিৎসক পলিকে মৃত ঘোষণা করার পর স্বামী-শ্বশুর ও অন্যরা পালিয়ে যান। পরে খবর পেয়ে টঙ্গী থেকে পলির মামা বাদল হাওলাদার হাসপাতালে আসেন।বাদল সাংবাদিকদের জানান, বছর খানেক আগে পলি ভালোবেসে রায়হানকে বিয়ে করেন। পরে পারিবারিকভাবে বিষয়টি মেনে নেওয়া হলে পলি স্বামীর পরিবারের সঙ্গে খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রীর বি ব্লকের এক বাসায় থাকতেন। কিছুদিন না যেতেই যৌতুকের জন্য তাঁকে চাপ দেন রায়হানসহ শ্বশুরবাড়ির লোকজন। কিছুদিন আগে রায়হানকে দুই লাখ টাকা দেওয়া হয়। সম্প্রতি আবারও টাকা দাবি করলে তা দিতে অস্বীকৃতি জানান পলি।বাদল অভিযোগ করেন, যৌতুক না দেওয়ায় পলিকে হত্যা করা হয়েছে।খিলগাঁও থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সূত্র জানায়, পলি ও তাঁর স্বামীর গ্রামের বাড়ি মাদারীপুর সদরে। তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে পলি দ্বিতীয়।