গৃহবধূর লাশ ফেলে স্বামী-শাশুড়ি চম্পট
শরীয়তপুরের জাজিরা উপজেলার ইয়াসিন মাদবরকান্দি গ্রামের শিল্পী আক্তার (২২) নামে এক গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাত আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় শরীয়তপুর সদর হাসপাতালে ওই গৃহবধুর মৃত্যু হয়৷ এরপর মরদেহ রেখে পালিয়ে যান স্বামী আজিজুল মুন্সী ও তাঁর মা নূরজাহান বেগম।
পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, ২০১০ সালে জাজিরা উপজেলার ফকির মাহমুদ আকন্দকান্দি গ্রামের সুলতান ঢালীর মেয়ে শিল্পী আক্তারের সঙ্গে পাশের ইয়াসিন মাদবরকান্দি গ্রামের ইসমাইল মুন্সীর ছেলে আজিজুল মুন্সীর বিয়ে হয়। বিয়ের দেড় বছরের মাথায় আজিজুল বিদেশ যাওয়ার জন্য শ্বশুরের কাছে টাকা দািব করেন। মেয়ের সুখের কথা চিন্তা করে সুলতান ঢালী দেড় লাখ টাকা দিয়ে জামাতাকে সংযুক্ত আরব আমিরাতে পাঠান। সেখানে যাওয়ার এক মাস পরে আজিজুল ব্যবসা করার কথা বলে আরও দুই লাখ টাকা শ্বশুরের কাছ থেকে নেন।
এর পর থেকে আজিজুল শিল্পী আক্তারের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। শিল্পী আক্তারকে তাঁর শ্বশুর-শাশুড়ি মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেন। ২০১৩ সালের জানুয়ারিতে এ বিষয়ে আদালতে একটি মামলা করেন শিল্পী। পরে আজিজুলের পরিবার বিষয়টি নিয়ে সমঝোতার উদ্যোগ নেয়। গত ফেব্রুয়ািরতে জাজিরা থানায় এক সালিস বৈঠকে শিল্পী আক্তারের ভরণ-পোষণের জন্য মাসিক ছয় হাজার করে টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী শিল্পী শ্বশুরবাড়িতে ফিরে যান।
গত ৩০ মে আজিজুল দেশে ফিরে এসে নতুন করে আরও দুই লাখ টাকা এনে দেওয়ার জন্য শিল্পীকে চাপ দিতে থাকেন। শিল্পী এতে রািজ না হওয়ায় শুরু হয় শারীরিক নির্যাতন। গত বৃহস্পতিবার শিল্পীকে দিনভর ঘরে আটকে রেখে মারধর করেন তাঁর স্বামী। অসুস্থ হয়ে পড়লে শুক্রবার সকালে শিল্পীকে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অবস্থার অবনতি ঘটলে বিকেলে তাঁকে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত আটটার দিকে তিনি মারা যান। মৃত্যুর খবর পেয়ে আজিজুল মুন্সী ও তাঁর মা নূরজাহান বেগম শিল্পীর তিন বছর বয়সী সন্তান বিজয়কে নিয়ে পালিয়ে যান।
সুলতান ঢালী বলেন, ‘মেয়ের সুখের কথা চিন্তা করে দুই দফায় আজিজুলকে সাড়ে তিন লাখ টাকা দিয়েছি। তারা এভাবে আমার মেয়েকে মেরে ফেলবে তা ভাবতে পারিনি।’
জাজিরা থানার ওসি ইকরাম আলী বলেন, এ ঘটনায় আজিজুল মুন্সী ও তাঁর পরিবারের আরও ১০ সদস্যকে আসামি করে শিল্পীর বাবা সুলতান ঢালী জাজিরা থানায় মামলা দায়েরের জন্য আবেদন করেছেন।