গৃহবধূর লাশ রেখে স্বামী উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জৈন্তাপুর উপজেলায় এক গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনা ধামাচাপা দিতে গতকাল সোমবার সকালে লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সামনে রেখে স্বামী পালিয়ে যান।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই গৃহবধূর নাম শিউলি বেগম (২০)। তিনি উপজেলার চালাইন গ্রামের বাসিন্দা সৌদি আরব প্রবাসী সিরাজ আহমদের মেয়ে। প্রায় ছয় মাস আগে পাশের খড়িকাপুঞ্জি গ্রামের সুলেমান আহমদের (৩৫) সঙ্গে তাঁর বিয়ে হয়।
শিউলির চাচি সাজিদা বেগম প্রথম আলোকে বলেন, গতকাল সকাল ১০টার দিকে শিউলির স্বামীর বাড়ির লোকজন খবর পাঠান শিউলি গুরুতর অসুস্থ। এ খবর পেয়ে তিনিসহ শিউলির বাবার বাড়ির কয়েকজন সদস্য খড়িকাপুঞ্জি গ্রামের বাড়ি যান। সেখানে গিয়ে জানতে পারেন শিউলি রাতে ঘুম থেকে আর জেগে ওঠেননি। সংজ্ঞাহীন অবস্থায় শিউলিকে তাঁর স্বামী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছেন। পরে তাঁরা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে জানতে পারেন শিউলির লাশ থানায় নিয়ে গেছে পুলিশ।
সাজিদা বেগম আরও বলেন, তাঁরা শিউলির শরীরে আঘাতের চিহ্ন দেখেছেন। তাঁদের ধারণা, শিউলিকে গত রোববার রাতেই হত্যা করা হয়। পরে ঘটনাটি ধামাচাপা দিতে স্বামী লাশ নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। পরে সেখান থেকে পালিয়ে যান।
সন্ধ্যা সাতটার দিকে জানতে চাইলে, লাশের সুরতহাল প্রতিবেদনের বরাত দিয়ে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল কবির বলেন, গৃহবধূর শরীরে জখমের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গৃহবধূর স্বামীর বাড়ির লোকজন বলছেন, শিউলি আত্মহত্যা করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর শাশুড়ি মরজিনা বেগমকে (৫০) আটক করা হয়েছে। শিউলির স্বামীকে আটকের চেষ্টা চলছে। মামলার প্রক্রিয়া চলছে।