গৃহবধূর লাশ হাসপাতালে রেখে পালাল শ্বশুরবাড়ির মানুষ
ঝালকাঠির নলছিটি উপজেলার দক্ষিণ ষাটপাকিয়া গ্রামে মারুফা আক্তার (১৯) নামের এইচএসসি পরীক্ষার্থী এক গৃহবধূকে শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হত্যার পর গত সোমবার রাতে হাসপাতালে লাশ ফেলে রেখে পালিয়ে যায় শ্বশুরবাড়ির লোকজন।
মারুফা ভৈরবপাশা ইউনিয়নের ষাটপাকিয়া গ্রামের মৃত মানিক হাওলাদারের মেয়ে।
মারুফার বোন তানিয়া আক্তারের ভাষ্য অনুযায়ী, পাঁচ বছর আগে একই গ্রামের সুলতান হাওলাদারের ছেলে সুমন হাওলাদারের সঙ্গে মারুফার বিয়ে হয়। বিয়ের দুই বছরের মাথায় সুমন শ্বশুরবাড়ি থেকে দুই লাখ টাকা যৌতুক নিয়ে চাকরির জন্য কাতারে যান। এরপর মারুফা শ্বশুরবাড়িতে থেকে কলেজে পড়াশোনা করতে চাইলে এ নিয়ে শ্বশুর, শাশুড়ি ও দেবরদের সঙ্গে মতবিরোধ তৈরি হয়। শ্বশুরবাড়ি থেকেই নলছিটি ডিগ্রি কলেজে ভর্তি হয়ে চলতি বছর পরীক্ষা দিচ্ছিলেন তিনি। বিদেশ থেকে মারুফার কাছে স্বামীর পাঠানো টাকা নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তাঁর ঝগড়া হতো। এ নিয়ে কারণে-অকারণে প্রায়ই মারুফাকে তারা মারধর ও নির্যাতন করত।
মারুফার মা লাকী বেগম বলেন, ‘ঘটনার চার দিন আগে বৃহস্পতিবার দুপুরে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পর শ্বশুরবাড়ির লোকজন মারুফাকে মারধর করে একটি কক্ষে আটকে রাখে। সোমবার দুপুরে মারুফা আমাকে মুঠোফোনে ছোট ভাই রাসেলকে পাঠিয়ে ওই বাড়ি থেকে তাকে নিয়ে আসতে অনুরোধ করে। রাসেল গিয়ে দেখে বাইরে থেকে দরজা লাগানো অবস্থায় ভেতরে মারুফার লাশ বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলে আছে। ইতিমধ্যে মারুফার শাশুড়ি আমাকে ফোনে বলেন, “গুরুতর অসুস্থ হওয়ায় মারুফাকে নিয়ে ঝালকাঠি সদর হাসপাতালে যাচ্ছি।’”
লাকী বেগম বলেন, ‘আমি লোকজন নিয়ে হাসপাতালে গিয়ে দেখি মারুফার লাশ জরুরি বিভাগে পড়ে আছে। মারুফার শ্বশুর, শাশুড়ি, দুই দেবর, ভাশুর, জা সবাই মিলে শুধু লেখাপড়া চালিয়ে যাওয়ার অপরাধে পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। ঘটনার দিন জামাতা কাতার থেকে ফোনে আমাকে গালাগাল দেয়। আমি শিগগিরই তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করব।’
এ ব্যাপারে নলছিটি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, মেয়েটি ছিল মেধাবী। তা ছাড়া মেয়েটি প্রায় পাঁচ কিলোমিটার দূর থেকে এসে পড়াশোনা করে এ পর্যন্ত এসেছে। কিন্তু শ্বশুরবাড়ির বাধা উপেক্ষা করে পড়াশোনা করার কারণে এই মর্মান্তিক মৃত্যুর জন্য যারা দায়ী, তাদের বিচারের আওতায় আনা উচিত।
গতকাল মঙ্গলবার মারুফার লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মেহেদী হাসান জানান, সোমবার সন্ধ্যায় কজন লোক মেয়েটিকে সদর হাসপাতালের জরুরি বিভাগে মৃত অবস্থায় নিয়ে আসে। তারা মৃতদেহ ফেলে চলে যায়।
সদর থানার উপপরিদর্শক মিজানুর রহমান বলেন, সুরতহাল প্রতিবেদন অনুযায়ী ওই নারীর শরীরে একাধিক কালো চিহ্ন আছে। তাঁর বাঁ হাতে ব্লেডের কাটা একাধিক দাগ ছিল। যেহেতু বিষয়টি নলছিটি থানার আওতায়, তাই একটি অপমৃত্যু মামলা করে নথি নলছিটিতে পাঠানো হবে। ঘটনার পর থেকে গৃহবধূর শ্বশুরবাড়িতে তালা ঝুলছে।