গৃহবধূর লাশের ফের ময়নাতদন্ত দাবি
রংপুরের বদরগঞ্জ উপজেলায় গৃহবধূ নীলা বানুর (২৭) লাশ কবর থেকে উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তসহ অভিযুক্ত ব্যক্তিদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ওই মানববন্ধন ও সভা হয়।
উপজেলার কালুপাড়া ইউনিয়নের ঢুগঢুগির হাটে স্বামীর ঘরে নীলা বানুকে হত্যার অভিযোগে গত ১২ ফেব্রুয়ারি তাঁর বাবা মেহেরাব আলী বাদী হয়ে নীলার স্বামী বুলু মিয়াসহ পাঁচজনকে আসামি করে থানায় একটি মামলা করেন। মামলায় দুই লাখ টাকা যৌতুকের দাবিতে নীলাকে হত্যার অভিযোগ করা হয়।
বদরগঞ্জ নাগরিক অধিকার দল, মানবাধিকার পর্যবেক্ষণ দল ও তৃণমূল নারী নেত্রী নেটওয়ার্ক যৌথভাবে গতকাল ওই সব কর্মসূচির আয়োজন করে। ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে অন্তত দুই শতাধিক মানুষ অংশ নেয়।
সভায় বক্তব্য দেন নীলা বানুর বাবা মেহেরাব আলী, মা বেলা বেগম, বেসরকারি সংস্থা নাগরিক উদ্যোগের এলাকা কর্মকর্তা শিল্পী শিকদার, সহকারী কর্মকর্তা মোহছিনা বেগম, মানবাধিকার পর্যবেক্ষণ দলের সভাপতি সিতুয়া দাস, কমিউনিটি মোবিলাইজার আবুল কালাম আজাদ, মানবাধিকার কর্মী সবুজ মহন্ত, সাংবাদিক রুহুল আমিন সরকার প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, যৌতুকের দাবিতে ওই গৃহবধূকে পিটিয়ে হত্যা করে লাশ ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়। পুলিশের করা সুরতহাল প্রতিবেদনেও আঘাতের চিহ্ন থাকার কথা উল্লেখ ছিল। কিন্তু রহস্যজনক কারণে চিকিৎসক ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ করেছেন ফাঁসিতে নীলা বানু মারা গেছেন। তাঁরা চিকিৎসকের দেওয়া ওই ময়নাতদন্তের প্রতিবেদন প্রত্যাখ্যান করে অবিলম্বে নীলার লাশের পুনরায় ময়নাতদন্তের দাবি জানান। একই সঙ্গে তাঁরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদেরও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বদরগঞ্জ থানার এসআই কমল মোহন চাকী বলেন, ‘পুলিশের করা সুরতহাল প্রতিবেদনে নিহত নীলার পায়ের নিচে রক্তাক্ত কাটা জখম থাকার কথা উল্লেখ আছে। ময়নাতদন্ত প্রতিবেদনে ফাঁসিতে ঝুলিয়ে মারা যাওয়ার কথা চিকিৎসক উল্লেখ করেছেন। মামলাটি তদন্তকালে প্রমাণ পাওয়া গেছে স্বামীর ঘরে নীলাকে প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। তাঁকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।