গৃহবধূর শরীর ঝলসে দিলেন আ.লীগ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক এক গৃহবধূর শরীরে গরম তেল ঢেলে ঝলসে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার বিকেলে উপজেলা সদরের ছাতুয়াগাড়ী গ্রামে ঘটনাটি ঘটেছে।আহত গৃহবধূ, তাঁর স্বামী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ছাতুয়াগাড়ীর গোলাম মোস্তফা ওই গ্রামের রাস্তার পাশে দোকানে পেঁয়াজু, চানাচুর ও চা বিক্রি করেন। শুক্রবার বিকেলে একই গ্রামের আওয়ামী লীগের নেতা আবদুর রাজ্জাক ছেলে সুজন ও পুত্রবধূকে নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে রাজ্জাক ও তাঁর ছেলের পায়ে লাগা কাদা মোস্তফার দোকানে এসে খাওয়ার পানি দিয়ে পরিষ্কার করেন। এ নিয়ে মোস্তফার স্ত্রী শাহিদা বেগমের সঙ্গে রাজ্জাক ও তাঁর ছেলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রাজ্জাক ক্ষিপ্ত হয়ে শাহিদার পেটে লাথি মেরে পেঁয়াজু ভাজার কড়াইয়ের গরম তেল তাঁর গায়ে ঢেলে দেন এবং দোকানের মালামাল রাস্তার ওপর ফেলে দেন। শাহিদাকে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনাটি জানাজানি হবে—এমন আশঙ্কায় রাজ্জাক মোস্তফাকে ভয়ভীতি দেখিয়ে পরের দিন শনিবার লোক দিয়ে শাহিদাকে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিয়ে যান। ওই দিন রাতে নিজ বাড়িতে সালিস করে শাহিদার চিকিৎসার জন্য এক হাজার টাকার ক্ষতিপূরণ দেন রাজ্জাক।গত রোববার বিকেলে মোস্তফার বাড়িতে গিয়ে দেখা যায়, শাহিদার বুক ও পিঠ ঝলসে গেছে। ক্ষত স্থানের জ্বালা ও ব্যথায় কাতরাচ্ছেন তিনি।গোলাম মোস্তফা বলেন, ‘আমার স্ত্রীকে হাসপাতালে চিকিৎসা করতে দেওয়া হয়নি। কোথাও কোনো অভিযোগ করা হলে আমাকে গ্রামছাড়া করা হবে বলে হুমকি দেওয়ায় আমি প্রথমে ভয়ে থানায় অভিযোগ করিনি। পরে পুলিশের সহযোগিতায় সোমবার (গতকাল) তিনজনের (রাজ্জাক, তাঁর স্ত্রী ও ছেলে) বিরুদ্ধে অভিযোগ দিয়েছি।’আবদুর রাজ্জাক বলেন, ‘সেদিন হঠাৎ করেই ওই দুর্ঘটনাটি ঘটে গেছে। শাহিদা বেগমের চিকিৎসার জন্য এক হাজার টাকা দিয়েছি। আর ভয়ভীতি প্রদর্শন এবং শাহিদাকে হাসপাতাল থেকে লোক দিয়ে নিয়ে আসার অভিযোগ ঠিক নয়।’দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেঞ্চদ বলেন, ঘটনাটি জেনেই পুলিশ পাঠিয়ে ওই গৃহবধূর স্বামীকে থানায় এনে একটি অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে তা মামলা হিসেবে নেওয়া হবে।