গৃহবধূর শরীর ঝলসে দেওয়ার অভিযোগ
পারিবারিক কলহের জের ধরে গৃহবধূর শরীরে ভাতের গরম মাড় ফেলে শরীর ঝলসে দিয়েছেন ছোট জা। আহত ওই গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জয়পুরহাট সদর উপজেলা বিষ্ণপুর গ্রামে গত সোমবার দুপুরে এই ঘটনা ঘটে।
জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসাধীন পারভীন আক্তার (৩৩) নামে আহত ওই গৃহবধূ অভিযোগ করেন, সোমবার দুপুরে তাঁর ছোট জা মহুয়া আক্তার হঠাৎ করেই তাঁর শরীরে ভাতের গরম মাড় ঢেলে দেন। এতে তাঁর পিঠের বেশ কিছু অংশ ঝলসে যায়।
পারভীন আক্তার প্রথম আলোকে জানান, স্বামীর চাকরির সুবাদে তাঁরা জয়পুরহাট শহরে ভাড়া বাসায় থাকেন। ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে আসেন। গ্রামে আসার পর থেকেই তাঁর ছোট জা মহুয়া বাড়ির চুলাতে রান্নাবান্না করা নিয়ে ঝগড়া শুরু করেন। একপর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে শরীরে ভাতের মাড় ঢেলে দেন। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আবদুল ওহাব জানান, তাঁর পিঠের অর্ধেক অংশ ঝলসে গেছে।
মহুয়ার স্বামী খাইরুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুই জায়ের মধ্যে মনোমালিন্যের কারণে এ ঘটনা ঘটেছে। বিষয়টি পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা চলছে।