রাজধানীর গোড়ানে অগ্নিদগ্ধ গৃহবধূ ফাতেমা-তুজ-জোহরার (২৭) অবস্থার উন্নতি হয়নি। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।বার্ন ইউনিটের প্রকল্প পরিচালক প্লাস্টিক সার্জন সামন্ত লাল সেন প্রথম আলোকে বলেন, ফাতেমার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। পাশাপাশি তাঁর শ্বাসনালিও পুড়ে গেছে। এদিকে ওই ঘটনায়ই অগ্নিদগ্ধ হয়ে মৃত ব্যাংক কর্মকর্তা আলেয়া বেগম (৩৫) ও তাঁর ছেলে আরিফুল ইসলামের লাশ ময়নাতদন্তের পর নগরের শাহজাহানপুর কবরস্থানে দাফন করা হয়েছে। গত শুক্রবার রাতে পারিবারিক বিষয় নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে মা-বাবা ও স্ত্রী ফাতেমা-তুজ-জোহরার সামনে আরিফুল নিজের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। আরিফুলকে বাঁচাতে গিয়ে তাঁর স্ত্রী ও মা-বাবাও দগ্ধ হন।মৃত আলেয়ার ভাই নজরুল ইসলাম বলেন, পারিবারিক কলহের বিষয়টি প্রকাশ না করতেই তাঁরা প্রথমে বৈদ্যুতিক শটসার্কিটের কথা বলেছিলেন। অবশ্য পুলিশ এ ব্যাপারে আগেই নিশ্চিত হয়েছিল।