গৃহবধূর শ্লীলতাহানির দায়ে স্বামীসহ পাঁচজনের দণ্ড
শেরপুরের নালিতাবাড়ীতে এক গৃহবধূর শ্লীলতাহানি করার অভিযোগে তাঁর স্বামীসহ পাঁচজনকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড, প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাঈদুর রহমান খান গতকাল মঙ্গলবার এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার শমশ্চূড়া গ্রামের শফিকুল ইসলাম (২৭), আবদুস সালাম (২৫), মনু মিয়া (২৬) ও একই উপজেলার পশ্চিম শমশ্চূড়া গ্রামের মোস্তফা কামাল (৩০) এবং নকলা উপজেলার চরবাছুর আগলা গ্রামের নজরুল ইসলাম ওরফে বুলবুল (৩০)।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৪ সালের ১৭ জুলাই এক ব্যক্তি তাঁর স্ত্রীকে নিয়ে নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্কে বেড়াতে যান। একপর্যায়ে নজরুল, মোস্তফা কামাল, সালাম ও মনু গৃহবধূকে অস্ত্রের ভয় দেখিয়ে ইকোপার্কের একটি নির্জন স্থানে নিয়ে যান। এ সময় আসামি শফিকুল ওই গৃহবধূকে শ্লীলতাহানি করেন এবং তাঁর (শফিকুল) হাতে থাকা মুঠোফোন দিয়ে সেসব দৃশ্য ভিডিও করেন। এক পর্যায়ে ওই গৃহবধূ অনেক কাকুতি-মিনতি করলেও স্বামী তাঁকে (গৃহবধূ) রক্ষা করেননি বরং ‘যত পারো ছবি তোলো’ এবং ‘তোমাদের যা ইচ্ছা করো’ বলে আসামিদের উৎসাহ দেন। এ সময় ওই গৃহবধূ একটি টিলা থেকে লাফ দিয়ে নিজেকে রক্ষা করেন। নিচ থেকে একজন বৃদ্ধ লোক ওই গৃহবধূকে উদ্ধার করে স্থানীয় বন বিভাগের কার্যালয়ে নিয়ে আসেন। পরে তাঁকে তাঁর বাবার বাড়ি পৌঁছে দেওয়া হয়।
এ ঘটনায় পরে ওই গৃহবধূ বাদী হয়ে স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। তদন্ত শেষে নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফ হোসেন ২০১৪ সালের ২৪ ডিসেম্বর আদালতে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।