গৃহবধূর সততা
কুড়িয়ে পাওয়া লক্ষাধিক টাকা দামের সোনার হার মালিকের কাছে ফিরিয়ে দিয়েছেন এক গৃহবধূ। গত শুক্রবার মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরে ঘটনা ঘটে।
সোনার হার ফিরিয়ে দেওয়ার মধ্য দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন যে গৃহবধূ, তাঁর নাম মাবিয়া আক্তার মুক্তা (২৮)। তিনি বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের গাংকুল গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১২ এপ্রিল বিকেলে বাজার করতে এসে বড়লেখা পৌর শহরের আবদুল আলী ট্রেড সেন্টারের সামনে একটি সোনার হার পড়ে থাকতে দেখেন মাবিয়া আক্তার। হারটি নিয়ে তিনি বড়লেখা উপজেলা সদরের হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ছাদ উদ্দিনের কাছে যান। সাধারণ সম্পাদক হারটি ওই গৃহবধূর জিম্মায় রেখে হারের প্রকৃত মালিকের সন্ধানে সারা উপজেলায় মাইকিং করেন। মাইকিং শুনে ছুটে আসেন হারের মালিক উপজেলার করমপুর গ্রামের গৃহবধূ পপি বেগম। গত শুক্রবার সন্ধ্যায় ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদকের ব্যবসাপ্রতিষ্ঠানে পপি বেগমের হাতে হারটি তুলে দেন মাবিয়া আক্তার।