গৃহবধূসহ তিন জেলায় চার ব্যক্তির লাশ উদ্ধার
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় গতকাল শুক্রবার এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়মনসিংহের মুক্তাগাছা থেকে পুলিশ এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। এ ছাড়া ভালুকায় এক ভ্যানচালকের গলিত লাশ এবং ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন কুলাউড়া উপজেলার দিলদারপুর গ্রামের বাসিন্দা কাতারপ্রবাসী আতিক মিয়ার স্ত্রী রুমেনা বেগম (৩৫), মুক্তাগাছা পৌর শহরের বড়হিস্যা বাজার কলোনি এলাকার রদীপ সাহা (৩৫) ও ভালুকা উপজেলার আঙ্গারগারা গ্রামের আবুল হাশেম (৫০)।
প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
জুড়ী (মৌলভীবাজার): পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, কুলাউড়ার দিলদারপুর গ্রামের আতিক মিয়ার স্ত্রী রুমেনা সন্তানদের নিয়ে বাড়ির একটি ঘরে থাকতেন। তাঁর শ্বশুর-শাশুড়ি আলাদা ঘরে থাকেন। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে চার সন্তানকে নিয়ে খাবার খেয়ে রুমেনা ঘুমিয়ে পড়েন। সকাল সাতটার দিকে সন্তানেরা ঘুম থেকে জেগে উঠে মাকে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে তারা রান্নাঘরের চৌকাঠের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগানো অবস্থায় রুমেনার লাশ ঝুলতে দেখে চিৎকার শুরু করে। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে। কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় রুমেনার শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজারের ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কুলাউড়া থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
ময়মনসিংহ: পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রদীপ সাহাদের বাড়ি মুক্তাগাছা পৌর শহরের বড়হিস্যা বাজার কলোনি এলাকায়। ওই বাড়িতে কেউ থাকত না। রদীপ সাহা জামালপুরে থাকতেন। মাঝেমধ্যে তিনি একা এসে বাড়িতে কিছুদিনের জন্য থাকতেন। গত মঙ্গলবার তিনি বাড়িতে এসেছিলেন। এরপর থেকে তাঁকে এলাকায় দেখা যাচ্ছিল না। গতকাল সকালে রদীপের ঘরের ভেতর থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। বেলা ১১টার দিকে পুলিশ দরজা ভেঙে ঘরে ঢুকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় রদীপের লাশ উদ্ধার করে। তিনি একসময় ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ভালুকা থানার পুলিশ জানায়, ভালুকা উপজেলার আঙ্গারগারা গ্রামের আবুল হাশেম পাঁচ দিন ধরে নিখোঁজ ছিলেন। গতকাল শুক্রবার দুপুরে বাড়ির পাশে একটি পোলট্রি খামারের পাশের নর্দমায় একটি গলিত লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় ব্যক্তিরা। পরে পুলিশ সেখানে এসে লাশটি উদ্ধার করে। হাশেম দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। ছয় মাস আগে তিনি বাড়ি ফেরেন। বাড়িতে এসে পাঠানো টাকার হিসাব চাইলে তাঁর স্ত্রী আসমা তা দেননি। এরপর অর্থকষ্টে তিনি ভ্যান চালাতে শুরু করেন। আবুল হাশেম প্রবাসে থাকার সময় প্রতিবেশী এক তরুণের সঙ্গে আসমার সম্পর্ক হয়। হাশেমের পাঠানো টাকা ওই তরুণ হাতিয়ে নিয়েছেন বলে স্থানীয় ব্যক্তিদের অভিযোগ। এসব কারণে হাশেম ও আসমার মধ্যে কলহ চলছিল। ভালুকা মডেল থানার ওসি মামুন অর রশিদ বলেন, পরকীয়ার কারণে আবুল হাশেমকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে।
ব্রাহ্মণবাড়িয়া: গতকাল বেলা পৌনে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রাম থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত নিহত ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি। সদর থানার ওসি মঈনুর রহমান বলেন, নিহত ব্যক্তির পেটে আঘাতের চিহ্ন আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও তাঁকে হত্যা করে দুর্বৃত্তরা লাশটি এখানে ফেলে গেছে।