গৃহবধূসহ তিনজনের অপমৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গত দুই দিনে গৃহবধূসহ তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজনের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ। মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) রকিবুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকার ফায়ার সার্ভিস অফিসের সামনের এক বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ঝুলন্ত এক অজ্ঞাতনামা যুবকের (২২) লাশ উদ্ধার করা হয়। স্থানীয় কেউ তাঁর নাম-পরিচয় জানাতে পারেনি। এটি হত্যা না আত্মহত্যা, তা বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। সূত্র জানায়, গতকালই বিকেল পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাশেদা আক্তার (২২) নামের এক আহত গৃহকর্মীকে হাসপাতালে নিয়ে যান গৃহকর্তা হেমায়েত উদ্দিন। এ সময় কর্তব্যরত চিকিৎসক রাশেদাকে মৃত ঘোষণা করেন। হেমায়েত উদ্দিন সাংবাদিকদের বলেন, তিনি পরিবার নিয়ে শেরেবাংলা নগর থানা এলাকার তল্লারবাগের এক বাসায় থাকেন। রাশেদা তাঁর বাসার গৃহকর্মী। বিকেলের দিকে ছাদে শুকাতে দেওয়া কাপড় আনতে গেলে তিনি নিচে পড়ে যান। তবে কীভাবে রাশেদা নিচে পড়েছিলেন, তা তিনি জানেন না। শেরেবাংলা নগর থানার এসআই আবদুল খালেক বলেন, ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।অন্যদিকে আদাবর থানার এএসআই শরিফ উদ্দিন বলেন, বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গৃহবধূ সাবিনা আক্তার (২২)। তিনি স্বামী মো. ফারুক ও তিন সন্তান নিয়ে আদাবরের ৬ নম্বর সড়ক এলাকায় থাকতেন। ফারুক রিকশাচালক। গত বুধবার কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা চালালে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। সাবিনার গ্রামের বাড়ি চাঁদপুরে।