গৃহবধূসহ তিনজনের অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলক্ষেত, দক্ষিণখান ও রায়েরবাগ এলাকায় তিনটি পৃথক ঘটনায় এক গৃহবধূসহ তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ তিনটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে আনা হয়।
রাজধানীর দক্ষিণখান এলাকার মোল্লারটেকে ধানসিঁড়ি অ্যাপার্টমেন্টের একটি ফ্ল্যাটে রোজী আক্তার নামে এক গৃহবধূর ফ্যানের সঙ্গে ঝুলন্ত লাশ পাওয়া গেছে। গতকাল বুধবার বেলা পৌনে দুইটার দিকে ওই ফ্ল্যাটের একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।
দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) মো. ওয়াদুদ বলেন, ছয় মাস আগে গাজীপুর জেলার মো. রুবেল নামে এক যুবকের সঙ্গে রোজীর বিয়ে হয়। এরপর থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার জালালপুর গ্রামে বাবার বাড়িতে থাকতেন তিনি। কয়েক দিন আগে মোল্লারটেকে বড় বোন নীলুফারের বাসায় বেড়াতে আসেন রোজী। গতকাল সকালে তাঁর কক্ষের দরজা বন্ধ পাওয়া যায়। দীর্ঘ সময় ডাকাডাকির পর রোজীর সাড়াশব্দ পাচ্ছিলেন না বোন নীলুফার। পরে ওই কক্ষের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ দেখতে পায় পুলিশ।
এদিকে গতকাল বুধবার ভোরবেলা খিলক্ষেত এলাকার ৩০০ ফুট রাস্তার পাশে আগুন পোহানোর সময় ইকরামুল হক (৪০) নামে এক ব্যক্তি মারা যান। খিলক্ষেত থানার এসআই মোজাম্মেল হক বলেন, ইকরামুল ওই এলাকায় অস্ট্রেলিয়ার অর্থায়নে নির্মাণাধীন একটি স্কুলের নিরাপত্তারক্ষী ছিলেন। আগুন পোহানোর একপর্যায়ে তিনি ঘুমিয়ে পড়েন। কোনো একসময় তাঁর গায়ে থাকা কাপড়ে আগুন লেগে ঘটনাস্থলেই ইকরামুলের মৃত্যু হয়।
এর আগে গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর রায়েরবাগসংলগ্ন সিএনজি পাম্প এলাকায় সড়ক দুর্ঘটনায় ওফাজ মিয়া (৫৫) নামে এক ভ্যানচালক মারা যান। তাঁর বাবার নাম হামেদ উদ্দিন। তিনি ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা এলাকায় থাকতেন।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক এসআই তাপস মণ্ডল বলেন, রাতে গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন ওফাজ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর রাত সাড়ে তিনটার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।