গৃহবধূসহ তিনটি লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় গত বুধবার রাতে ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া গতকাল বৃহস্পতিবার সরাইলে এক কৃষক এবং সিলেটের গোয়াইনঘাটে আরেক যুবকের লাশ পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো খবর:
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): পুলিশ বুধবার রাতে উপজেলার খারঘর গ্রামের একটি বাড়ি থেকে সাহেদা বেগম (২০) নামের এক গৃহবধূর লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। লাশের গলা, বুক ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে।
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): উপজেলার দৌলতপাড়া গ্রামের আশব আলী (৬৫) বুধবার বিকেল চারটার দিকে বাড়ির পাশের আকাশি বিলের জমিতে কাজ করতে যান। এরপর আর তিনি বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পর গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তাঁর কান ও নাক দিয়ে রক্ত ঝরছিল।
গোয়াইনঘাট (সিলেট): হবিগঞ্জের আজমেরীগঞ্জ উপজেলার নওয়াগাঁও গ্রামের আবদুর রউফের ছেলে সেলিম আহমদ (৩২) গত সোমবার নিখোঁজ হন। গতকাল সকালে গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পিয়াইন নদীতে তাঁর লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। সেলিম জাফলং বাজারে কাঠমিস্ত্রির কাজ করতেন।