গৃহবধূসহ দুই স্থানে দুই খুন
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার আন্দাসুরা গ্রামে গত বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা একজনকে গলা কেটে হত্যা করেছে। একই রাতে নীলফামারীর সৈয়দপুর উপজেলায় এক গৃহবধূকে তাঁর স্বামী পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নন্দীগ্রামে নিহত ব্যক্তির নাম জামাল উদ্দিন (৪০)। তিনি উপজেলার চাঙ্গইর গ্রামের মৃত আবদুর রাজ্জাকের ছেলে। বৃহস্পতিবার বিকেল চারটায় জামাল তাঁর স্ত্রী ইতিকে নিয়ে তালোড়ায় শ্বশুরবাড়িতে বেড়াতে যান। স্ত্রীকে সেখানে রেখে সন্ধ্যায় তিনি বাড়ির উদ্দেশে রওনা হন। পথে নন্দীগ্রাম উপজেলার বাঁশো-নতুন পুকুর-বনগ্রাম রাস্তার তিন মাথায় পৌঁছালে দুর্বৃত্তরা জামালের মোটরসাইকেলের গতিরোধ করে। পরে তারা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে ফেলে রেখে যায়। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে নন্দীগ্রাম থানার পুলিশ গতকাল শুক্রবার সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। সৈয়দপুরের দক্ষিণ সোনাখুলি হিন্দুপাড়ার সাগর চন্দ্র রায় বৃহস্পতিবার রাতে পারিবারিক কলহের জের ধরে তাঁর স্ত্রী অঞ্জলী রানী রায়কে (২৮) বেদম মারধর করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে অঞ্জলী মারা যান। নিহতের ছোট ভাই উজ্জ্বল চন্দ্র রায় অভিযোগ করেন, তাঁর ভগ্নিপতি সাগরই অঞ্জলীকে হত্যা করে লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখেন। গতকাল সকালে খবর পেয়ে সৈয়দপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সাগর চন্দ্র রায় তাঁর স্ত্রীকে হত্যার অভিযোগ অস্বীকার করেছেন। সৈয়দপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, ঘটনাটি রহস্যজনক।