গৃহবধূসহ দুজন নিহত ভবনের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু
রাজধানীর খিলক্ষেতে শুক্রবার শিরীনা আক্তার নামের এক গৃহবধূ খুন হয়েছেন। একই রাতে ধোলাইপাড়ে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শনিবার ভাটারার একটি ভবনের ছাদ থেকে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। তাঁদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) মাজহারুল আমিন প্রথম আলোকে বলেন, শুক্রবার বড়ুয়ার দেওয়ানপাড়ার এক বাসা থেকে গৃহবধূ শিরীনার (৩৬) লাশ উদ্ধার করা হয়। তাঁর গলা ও হাতে আঘাতের চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে, তাঁকে হত্যা করা হয়েছে। শিরীনা তাঁর স্বামী মো. হাসানের সঙ্গে ওই বাসায় থাকতেন। হাসানকে পাওয়া যায়নি। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে রাজধানীর ভাটারার একটি ভবন থেকে লাফিয়ে পড়ে নাজমা আক্তার (৩১) নামের এক নারীর মৃত্যু হয়েছে। নাজমার ছোট ভাই মো. সুমন গণমাধ্যম কর্মীদের জানান, তাঁর বোন মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তিনি আত্মহত্যা করেছেন। তাঁর বাড়ি বরিশালে। শ্যামপুর থানার এসআই জাহাঙ্গীর হোসেন বলেন, রাজধানীর ধোলাইপাড়ে শুক্রবার রাতে ট্রাকের ধাক্কায় মো. বাবলু (২৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঘটনার পর ট্রাকটি আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে যায়।