গৃহবধূসহ দুজনের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার জিগাতলা গ্রাম থেকে গতকাল শুক্রবার নুরেদা বেগম (৩৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। একই দিন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার চানপুর গ্রামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে প্রতিবেশীরা আবদুর রশিদের বাড়ির রান্নাঘরে তাঁর স্ত্রী নুরেদা বেগমের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেন। পুলিশ বেলা ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নুরেদা দেওয়ানগঞ্জ উপজেলার তিলকপুর গ্রামের ভিক্ষু মিয়ার মেয়ে। এ ঘটনার পর থেকে আবদুর রশিদ ও তাঁর বাড়ির লোকজন পলাতক রয়েছেন। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান বলেন, পারিবারিক কলহের জের ধরে নুরেদা বেগম আত্মহত্যা করতে পারেন।
টাঙ্গাইলের মির্জাপুরে উদ্ধার হওয়া লাশটি উপজেলার চানপুর গ্রামের হাসমত আলীর (৩০)। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাতটার দিকে এলাকাবাসী বাড়ির পাশে একটি গাছের সঙ্গে লাশ ঝুলতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে।
মির্জাপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর আলম বলেন, হাসমত মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।