গৃহবধূসহ দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গতকাল শুক্রবার পৃথক ঘটনায় গৃহবধূসহ দুজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন সাথী আক্তার (২০) ও আবুল হোসেন (৬০)।পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গতকাল সন্ধ্যায় গৃহবধূ সাথী আক্তার কামরাঙ্গীরচর সেতুসংলগ্ন বাবুল সুপার মার্কেটে ছেলে ও তাঁর ছোট ভাইকে নিয়ে কেনাকাটা করতে যান। বাবুল মার্কেটের দোতলায় দেওয়াল তৈরি হচ্ছিল। হঠাৎ সেই দেওয়াল ধসে সাথীর ওপর পড়ে। সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।পারিবারিক সূত্র জানায়, সাথীর মা-বাবা কামরাঙ্গীরচরের আলী নগরে ভাড়া থাকেন। বরিশালের গৌরনদীতে তাঁর বিয়ে হয়। কয়েক দিন আগে অসুস্থ মা নিলুফার বেগমকে দেখতে সাথী গৌরনদী থেকে ঢাকায় আসেন। এদিকে গতকাল দুপুরে বৃদ্ধ আবুল হোসেন পুরান ঢাকার আগামসিহ লেন জামে মসজিদের তৃতীয় তলায় জুমার নামাজ আদায় করতে যান। দুপুর সাড়ে ১২টার দিকে তৃতীয় তলার বারান্দা থেকে তিনি পা হড়কে নিচে পড়ে যান। রক্তাক্ত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।মৃত আবুল হোসেন ৭/৪, আগামসিহ লেনে থাকতেন। তিনি এলাকায় পিঠা বিক্রি করতেন। তাঁর দুটি মেয়ে আছে।ঢাকা মেডিকেল কলেজে মৃতদেহ দুটির ময়নাতদন্ত হয়েছে। কামরাঙ্গীরচর ও কোতোয়ালি থানায় অস্বাভিক মৃত্যু মামলা হয়েছে।