গৃহবধূসহ দুটি লাশ উদ্ধার
পুলিশ গতকাল রোববার ফরিদপুরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির এবং বাগেরহাটের কচুয়া উপজেলায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে। কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের চর সোনাকুড় গ্রামের গৃহবধূ কোহিনূর বেগমকে (১৯) তাঁর স্বামী আজাদ শেখ (২৩) শ্বাসরোধে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।কোহিনূরের বাবা আমজাদ ভূঁইয়া জানান, ছয় মাস আগে কোহিনূরের সঙ্গে একই উপজেলার ধোপাখালী ইউনিয়নের দক্ষিণ মাধবকাঠি গ্রামের হাবিবুর রহমান শেখের ছেলে আজাদ শেখের বিয়ে হয়। বিয়ের দুই মাস পর জানা যায় আজাদ একটি হত্যা মামলার আসামি। এ নিয়ে কোহিনূরের সঙ্গে আজাদের পারিবারিক কলহ হয়। এরপর থেকে কোহিনূর তাঁর বাবার বাড়িতে অবস্থান করেন। গত শনিবার আজাদ এ বাড়িতে আসেন। রোববার ভোরে বাড়ির লোকেরা টয়লেটে যাওয়ার পথে কোহিনূরের লাশ দেখতে পান। এ সময় খোঁজ করে আজাদকেও বাড়িতে পাওয়া যায়নি।ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক নজরুল ইসলাম জানান, সদর উপজেলার তুলগ্রাম এলাকার একটি বিল থেকে গতকাল বেলা ১১টার দিকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। তাঁর পরিচয় জানা যায়নি। ধারণা করা হয়, ৩৪-৩৫ বছর বয়সী অজ্ঞাত ওই ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তাঁর পরনে ফুলহাতা চেক শার্ট, প্যান্ট ও জুতা রয়েছে। এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।