গৃহবধূসহ সড়ক দুর্ঘটনায় দুটি স্থানে নিহত ২
নীলফামারীর সদর উপজেলায় গতকাল মঙ্গলবার অটোবাইক উল্টে এক গৃহবধূ নিহত হয়েছেন। একই দিন দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।নীলফামারী-জলঢাকা সড়কের সদর উপজেলার কচুকাটা বড়বাড়ি এলাকায় গতকাল সকালে ব্যাটারিচালিত একটি অটোবাইক উল্টে যায়। এতে অটোবাইকের যাত্রী সদর উপজেলার প্রামানিক পাড়ার আবদুল কুদ্দুসের স্ত্রী তাহেরা বেগম (২২) মারা যান। তিনি তাঁর দেড় বছর বয়সী ছেলে তৌফিককে নিয়ে হাতিবান্ধা থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আক্কাস আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দিনাজপুরের ফুলবাড়ি-মধ্যপাড়া মহাসড়কের পার্বতীপুরের রসুলপুর আইশার মোড় এলাকায় গতকাল বেলা সোয়া ১১টায় একটি ট্রাক পেছন দিক থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চালক গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার জানিপুর গ্রামের শরিফুল ইসলাম (২৮) নিহত হন। এ ঘটনায় স্থানীয় লোকজন প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। পরে মধ্যপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে এলে অবরোধ তুলে নেওয়া হয়। পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত আলী বলেন, শরিফুলের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে দিনাজপুর মর্গে পাঠানো হয়েছে।