চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন খতিবের হাট এলাকায় মা ও দুই শিশু খুনের মামলায় গৃহশিক্ষক তারেক চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। গতকাল বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমান শুনানির পর অভিযোগ গঠন করেন। আদালত ২৫ এপ্রিল মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।চট্টগ্রাম মহানগর আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) কামাল উদ্দিন আহাম্মদ প্রথম আলোকে বলেন, ‘মাসহ দুই শিশুকে খুনের ঘটনাটি অত্যন্ত নৃশংস ও জঘন্য অপরাধ। আদালত আসামি তারেকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন।’আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, আসামি তারেক গতকাল তাঁর আইনজীবীর মাধ্যমে আদালতে দেওয়া ১৬৪ ধারায় জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেন। পাশাপাশি অভিযোগপত্রে উল্লেখিত আসামির বয়স ভুল দাবি করে সঠিক বয়স নির্ধারণেরও দাবি জানান। তবে আদালত এসব আবেদনের বিষয়ে কোনো নির্দেশ দেননি।গত বছরের ২৩ অক্টোবর নগরের খতিবের হাট এলাকার মা-মণি ভিলার পঞ্চম তলার বাসায় খুন হন গৃহিণী ডলি আক্তার (৩০) এবং তাঁর ছেলে আলভী (১০) ও মেয়ে আদিবা পায়েল (৬)।