রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ আয়োজিত জনসভায় বক্তারা উত্তরাঞ্চলকে মরুকরণ প্রক্রিয়া থেকে রক্ষার জন্য উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়ন, গঙ্গা ব্যারেজ নির্মাণ, হাসপাতালে আধুনিক চিকিৎসাব্যবস্থা ও গৃহস্থালির পাশাপাশি শিল্পকারখানায় গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছে। গতকাল বুধবার নগরের লক্ষ্মীপুরে এক জনসভার আয়োজন করা হয়।রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে আয়োজিত জনসভায় সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান প্রধান অতিথি এবং সাংসদ ফজলে হোসেন বিশেষ অতিথি ছিলেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, আসাদুজ্জামান আসাদ, শাহিন আক্তার, কল্পনা রায়, সুফিয়া বেগম, মঞ্জুরুল হাসান, দেবাশীষ প্রামাণিক প্রমুখ।সাংসদ ফজলে হোসেন বলেন, বরেন্দ্র প্রকল্প থামানো হোক আর গঙ্গা ব্যারেজ চালু করে রাজশাহীকে মরুকরণের হাত থেকে রক্ষা করা হোক।