গৃহস্থালির বর্জ্য থেকে গ্যাস ও জৈব সার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেভাবে শুরু: খবির উদ্দীন বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগে শিক্ষকতার পাশাপাশি দীর্ঘদিন ধরে কঠিন ও তরল বর্জ্যের বিকল্প এবং স্বল্প ব্যয়ে পরিশোধন ও ব্যবহারের পদ্ধতি উদ্ভাবন নিয়ে কাজ করছেন। সঠিকভাবে ক্যাম্পাসের বর্জ্য ব্যবস্থাপনার জন্য ২০০৯ সালে প্রশাসনের কাছে সহযোগিতার আবেদন করেন তিনি। পাশাপাশি গ্রামীণ শক্তি ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। পরে গত বছরের ফেব্রুয়ারিতে গ্রামীণ শক্তি, জাইকা ও প্রশাসনের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিশমাইল এলাকায় ২৪ দশমিক ২৯ শতাংশ জায়গায় ১০০ ঘনমিটার উত্পাদন ক্ষমতাসম্পন্ন দুটি বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করে কাজ শুরু করেন। প্ল্যান্ট স্থাপনসহ অবকাঠামোগত প্রক্রিয়া সম্পন্ন করতে খরচ হয় প্রায় ৩০ লাখ টাকা। প্ল্যান্টের স্থায়িত্বকাল কমপক্ষে ৫০ বছর বলে জানিয়েছেন খবির উদ্দীন। বাংলাদেশে শুধু গৃহস্থালি জৈব বর্জ্য ব্যবহার করে গ্যাস উত্পাদনের এটিই প্রথম প্রচেষ্টা বলে তাঁর দাবি।উপকরণ সংগ্রহ: বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক ও কর্মকর্তাদের বাসায় তিন ধরনের পাত্র দেওয়া হয়েছে। এর মধ্যে আকাশি রঙের ঢাকনাসহ প্লাস্টিকের বালতিতে পচনশীল বর্জ্য যেমন: সবজি, মাছ ও মুরগির উচ্ছিষ্ট অংশ, কলার খোসা, ভাত, ভাতের মাড় প্রভৃতি রাখা হয়। অন্য দুটি সবুজ ও লাল ঝুড়ি। সবুজ ঝুড়িতে পুনঃ চক্রায়নযোগ্য (রিসাইক্লিং) বর্জ্য পদার্থ যেমন: পেপার, প্লাস্টিক, তার, খেলনার ভাঙা অংশ এবং লাল ঝুড়িতে বিষাক্ত বর্জ্য ব্যাটারি, সিরিঞ্জসহ চিকিত্সাসংক্রান্ত উপকরণ ও বর্জ্য রাখা হয়।বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল ও হোটেলে প্লাস্টিকের বড় ড্রাম দেওয়া হয়েছে, যাতে পচনশীল বর্জ্য পদার্থ রাখতে বলা হয়েছে। প্রতিদিন ছয়টি ভ্যানের সাহায্যে বিভিন্ন বাসা, হল ও হোটেল থেকে ৩০০ থেকে ৪০০ কেজি পচনশীল কঠিন বর্জ্য সংগ্রহ করা হয়।যেভাবে উত্পন্ন হয় গ্যাস ও সার: সংগৃহীত উপকরণগুলোর মধ্যে শুধু পচনশীল বর্জ্য বায়োগ্যাস প্ল্যান্টের প্রাথমিক গ্রাহক কক্ষে (ইনলেট চেম্বার) রাখা হয়। এই বর্জ্যগুলোকে একটি যন্ত্রের (চপিং মেশিনের) মাধ্যমে টুকরো টুকরো করা হলে এটি গাঢ় তরল আকারে বের হয়। এই টুকরো বর্জ্য চারটি অংশে রেখে পচানো হয়। একটি অংশের বর্জ্য পচতে লাগে তিন দিন। চতুর্থ দিনে পচনশীল বর্জ্যের সমপরিমাণ পানি একটি পাইপের (ইনলেট পাইপের) মধ্যে ঢোকানো হয়। পরে এই মিশ্রণ নরম করার যন্ত্রে (ডাইজেস্টর) ঢোকে। ওই মিশ্রণ বায়ুরুদ্ধ থাকায় ডাইজেস্টরে বায়োগ্যাস উত্পন্ন হয়। বায়োগ্যাস উত্পন্ন হওয়ার পর তরল বর্জ্য পদার্থগুলো একটি জাল দিয়ে কুয়ায় যায়। ঘন তরল পদার্থগুলো জমা হয় জালে। পরে সেগুলো উঠিয়ে রোদে শুকিয়ে জৈব সার প্রস্তুত করা হয়।সুফল পাচ্ছেন কর্মচারীরা: ওই বায়োগ্যাস প্ল্যান্ট থেকে উত্পাদিত গ্যাস বিশ্ববিদ্যালয়ের বিশমাইল এলাকায় বসবাসরত কর্মচারীদের ২০টি ঘরে সরবরাহ করা হচ্ছে। প্রতিদিন সকালে দেড় ঘণ্টা, দুপুরে দুই ঘণ্টা ও সন্ধ্যায় দেড় ঘণ্টা গ্যাস সরবরাহ করা হয়। এ জন্য কর্মচারীদের প্রতি মাসে বিল পরিশোধ করতে হয় ৫০০ টাকা করে।প্রতিটি হলের বর্জ্য সরানো বাবদ হল প্রশাসনের কাছ থেকে মাসিক এক হাজার টাকা; শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে ১০০ টাকা এবং ক্যাম্পাসের বিভিন্ন দোকানপ্রতি মাসে ৫০ টাকা করে নেওয়া হচ্ছে। এই টাকা থেকে প্রতি মাসে প্রকল্পে নিযুক্ত একজন কর্মকর্তা ও ১৩ জন কর্মচারীর বেতন, বিদ্যুত্ বিল ও আনুষঙ্গিক অন্যান্য খরচ বাবদ ৪৫ হাজার টাকা পরিশোধ করছে প্রশাসন।গ্যাস ব্যবহারকারী হালিমা বেগম বলেন, ‘আগে মাটির চুলায় রান্না করতে হতো। গ্যাস পাওয়ার পর রান্নার কাজটি অনেক সহজ হয়েছে। সময়মতো যেটুকু গ্যাস পাই, তাতে স্বাচ্ছন্দ্যে কাজ হচ্ছে।’প্রকল্প আহ্বায়কের বক্তব্য: মো. খবির বলেন, ‘বর্তমানে প্রতিদিন ২০-২২ ঘনমিটার গ্যাস পাওয়া যাচ্ছে। প্রতিদিন এক টন গৃহস্থালি কঠিন বর্জ্য পাওয়া গেলে গ্যাস প্ল্যান্টের দুটি ডাইজেস্টর থেকে প্রায় ১০০ ঘনমিটার গ্যাস উত্পাদন করা সম্ভব।’‘প্রাথমিকভাবে এটি মডেল হিসেবে তৈরি করা হয়েছে। ঢাকা সিটি করপোরেশন প্রতিদিন প্রায় তিন হাজার ২০০ মেট্রিকটন বর্জ্য অপসারণ করছে। এসব বর্জ্য থেকে গৃহস্থালির পচনশীল বর্জ্য এ ধরনের প্রকল্পে ব্যবহার করা গেলে অধিক পরিমাণ গ্যাস ও জৈব সার উত্পাদন সম্ভব।’অধ্যাপক খবির আরও বলেন, ‘জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী অন্যতম গ্যাস মিথেন। এটি ময়লা-আবর্জনা পচার ফলে উত্পন্ন হয়। মিথেন কার্বন ডাই-অক্সাইডের চেয়েও প্রায় ২৮ গুণ ক্ষতিকর। এই মিথেন গ্যাসকেই সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে বিভিন্ন বাড়িতে সরবরাহ করা হচ্ছে রান্নার কাজে ব্যবহারের জন্য।’