গৃহস্থালী পণ্যের চালানে এয়ারগান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহস্থালী ও ব্যক্তিগত ব্যবহার্য পণ্যের ঘোষণা দিয়ে দুবাই থেকে আনা একটি চালানে এয়ারগান পাওয়া গেছে। গত রোববার রাতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা আমদানিনিষিদ্ধ এই এয়ারগানসহ পুরো চালানটি জব্দ করেছে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, ১৪ নভেম্বর দুবাই থেকে পণ্যভর্তি কনটেইনারটি চট্টগ্রাম বন্দরে আসে। হালিশহরের পিসি রোডের জি ব্লকের সজীব প্লাজার মো. ইব্রাহিমের নামে চালানটি আনা হয়।
এর আগে গত ২০ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরে ব্যক্তিগত ব্যবহারের ঘোষণা দিয়ে আনা একটি কনটেইনার থেকে পৌনে তিন কোটি ভারতীয় রুপি জব্দ করেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
অধিদপ্তরের উপপরিচালক জাকির হোসেন গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, যে কার্টনে এয়ারগান পাওয়া গেছে সেটির প্যাকেটের গায়ে সিলেটের হবিগঞ্জের রুহুল আমিন নামে এক ব্যক্তির নাম লেখা ছিল। এর অর্থ নিজের ব্যক্তিগত ব্যবহারের পণ্য আনার আড়ালে ইব্রাহিম অনেকের পণ্য নিয়ে এসেছেন। এ ব্যাপারে ইব্রাহিমের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
যাত্রী ব্যাগেজ (আমদানি) বিধিমালা অনুযায়ী, কোনো প্রবাসী বিদেশ থেকে চলে আসার সময় ব্যক্তিগত ব্যবহারের জিনিসপত্র নিয়ে আসতে পারেন। বিদেশ থেকে দেশে আসার পর বিমানবন্দরে তাঁর সঙ্গে আনা হয়নি এমন পণ্যের ঘোষণা দিতে হয়। বছরে একবার এভাবে আলাদাভাবে ব্যক্তিগত ব্যবহারের পণ্য আনা যায়।