দুপুর ১২টা। কুয়াশার ফাঁক গলে সূর্য সবে উঁকি দিতে শুরু করেছে। লেপ-কাঁথা ছেড়ে বসে নিজের কষ্টের কথা বলছিলেন হাজেরা খাতুন, ‘নিহের (কুয়াশা) ঘরের মধ্যে ফোঁটা ফোঁটা পড়ে। বালিশ-লেপ-খেতা (কাঁথা) সব ভিজে যায়। সারা নাত ঘুমোতি পারিনে। কী যে কষ্ট যেতেছে, আমরা জানতাছি আর ওপরআলা জানতেছে।’
যশোরের কেশবপুরের হাবাসপোল এলাকার এ নারীর একমাত্র মাটির ঘরটি গত আগস্টের জলাবদ্ধতায় ধসে পড়ে। আশ্রয় নেন বালিয়াডাঙ্গা সেতুর ওপরে। পানি নামলে ভিটায় ফেরেন। তবে ঘর তোলার সামর্থ্য আর হয়ে ওঠেনি। বিধ্বস্ত ভিটার ওপর ছোট্ট একটা জায়গা পলিথিন দিয়ে ঘিরে মাথা গোঁজার ঠাঁই বানিয়েছেন হাজেরা। এই শীতকালে তাঁর রাতটা আর কাটতে চায় না।
কেশবপুর পৌরসভা এবং ১১টি ইউনিয়নেরঅন্তত ৬০০ পরিবারের কষ্ট কমবেশি হাজেরার মতো। আগস্টের জলাবদ্ধতায় তাদের মাটির ঘরগুলো ধসে পড়ে। সব মিলিয়ে এসব এলাকার ৮০ হাজারের মতো মানুষ তখন পানিবন্দী হয়ে পড়ে। অনেকে রাস্তার ওপরে, অন্যরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয় নেয়। পরে পানি নেমে গেলেও দরিদ্র পরিবারগুলো তাদের ঘর ঠিক করতে পারেনি।
গত শনিবার সরেজমিনে পৌরসভার আলতাপোল, মধ্যকুল ও হাবাসপোল এলাকা ঘুরে গৃহহারা মানুষগুলোর চরম দুর্ভোগ চোখে পড়ে। তারা বিধ্বস্ত ভিটায় ছাপরা তুলে কোনোরকমে জীবনযাপন করছে। মাথার ওপরে কার্যত কোনো আচ্ছাদন নেই। পলিথিন টানিয়ে আত্মরক্ষার বৃথা চেষ্টা হয়েছে মাত্র। তা ভেদ করে কনকনে ঠান্ডা হাওয়া আর শিশিরকণা ঢুকে পড়ে সবকিছু ভিজিয়ে দিয়ে যাচ্ছে।
হাবাসপোল সরদারপাড়ার সত্তর বছরের বৃদ্ধ আয়েশা বলেন, রাতে বাতাস আর শিশির কাহিল করে দেয়। তখন শরীর গরম রাখতে আগুন জ্বালিয়ে সারা রাত বসে কাটানো ছাড়া উপায় থাকে না।
মধ্যকুল এলাকার শিল্পী বেগমের একমাত্র ঘরটিও জলাবদ্ধতার সময় ধসে পড়ে। দুই মেয়ে নিয়ে এখন অন্যের বারান্দায় থাকেন তিনি। শিল্পী বলেন, দিনটা কোনোমতে কাটলেও রাত আসার কথা মনে হলেই ভয় লাগে।
আলতাপোল এলাকার বিশ্বাসপাড়া ও সরদারপাড়ার বেশির ভাগ মানুষই গরিব। সেখানকার বাসিন্দাদের এখন খুবই কষ্টে দিন কাটছে। স্থানীয় ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শহিদুজ্জামান বলেন, তাঁর ওয়ার্ডের ৭২টি ঘর জলাবদ্ধতায় নষ্ট হয়ে গেছে। তবে সরকারিভাবে ১১ জন এবং আওয়ামী লীগের পক্ষ থেকে আরও ১২ জন টিন পেয়েছে। দরিদ্র মানুষগুলোর জন্য জরুরি ভিত্তিতে টিনের ব্যবস্থা করার দাবি জানান তিনি।
অসহায় মানুষগুলোর শীত নিবারণের মতো পর্যাপ্ত গরম কাপড়ও নেই। হাবাসপোল এলাকার মছিরন বলেন, রাতে ছাপরার মধ্যে বসে কাঁপতে থাকেন তিনি। শীত নিবারণের জন্য কোনো কম্বলও নেই। আজ পর্যন্ত সরকারি-বেসরকারি কোনো প্রতিষ্ঠান শীতবস্ত্র দিতে আসেনি।
কেশবপুরের নাগরিক সমাজের আহ্বায়ক আইনজীবী আবু বক্কর সিদ্দিকী বলেন, ছয় মাস আগে জলাবদ্ধতা হয়েছিল। অথচ আজও মানুষগুলোর কষ্ট গেল না, এটা দুঃখজনক। এ জন্য ক্ষমতাসীন দলের নেতা এবং প্রশাসনের উদাসীনতাকে দায়ী করেন তিনি।
উপজেলা প্রশাসন বলছে, আগস্টের জলাবদ্ধতায় কেশবপুরের ৬০০টি মাটির ঘর ধসে যায়। তার মধ্যে ১২৫টি পরিবারকে দুই বান্ডিল করে টিন এবং ছয় হাজার টাকা করে সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ রায়হান কবির বলেন, এ ছাড়া জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের ত্রাণ তহবিল থেকে ১২৩ জনকে টিন দেওয়া হয়েছে। সরকারিভাবে আরও কিছু মানুষকে টিন দেওয়ার চেষ্টা চলছে।