গৃহহারা মানুষের কষ্টের জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে ক্ষতিগ্রস্ত একটি ঘর। ছবিটি গত রোববার দুপুরে দক্ষিণ মগডেইল এলাকা থেকে তোলা l প্রথম আলো
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে ক্ষতিগ্রস্ত একটি ঘর। ছবিটি গত রোববার দুপুরে দক্ষিণ মগডেইল এলাকা থেকে তোলা l প্রথম আলো

‘প্রায় দেড় লাখ টাকা খরচ করে আট মাস আগে মাটি আর টিন দিয়ে বাড়ি তৈরি করেছিলাম। গত ২১ মে ঘূর্ণিঝড় রোয়ানুর কবলে পড়ে সেই বাড়ি ভেঙে গেছে। নতুন করে বাড়ি তৈরি করার মতো টাকা নেই। তাই পরিবার-পরিজন নিয়ে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছি।’
কান্নাজড়িত কণ্ঠে এসব কথা বললেন কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের দক্ষিণ মগডেইল এলাকার বাসিন্দা দিনমজুর মোহাম্মদ বদন আলী। গত রোববার কথা হয় তাঁর সঙ্গে।
স্থানীয় সূত্র জানায়, ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে মাতারবাড়ি ইউনিয়নের সাইরার ডেইল, দক্ষিণ মগডেইল, ফুলজানমোরা, পূর্ব মাইজপাড়া ও দক্ষিণ রাজঘাট এলাকার অন্তত ৪০০ পরিবার বসতবাড়ি হারিয়েছে। অমাবস্যা ও পূর্ণিমার জোয়ারের সময় এসব পরিবারের লোকজনের ভোগান্তি বেড়ে যায়। দুই মাস হয়ে গেলেও পরিবারগুলোকে পুনর্বাসনে স্থানীয় প্রশাসনের কোনো উদ্যোগ চোখে পড়েনি।
বদন আলীর স্ত্রী মিনুয়ারা বেগম বলেন, তাঁদের চারজনের পরিবারে অভাব-অনটন লেগেই আছে। যেদিন তাঁর স্বামী কাজ পান, সেদিন কোনোরকমে দুবেলা খাবার জোটে। এখন জোয়ার-ভাটার কারণে শ্রমিকদের অলস দিন কাটাতে হচ্ছে। এতে এখন দুবেলা খাবার জোটাতেই কষ্ট হচ্ছে তাঁদের। সেখানে নতুন করে ঘর তৈরি করা একেবারেই অসম্ভব।
একই এলাকার বাসিন্দা মোজাম্মেল হক বলেন, গত বছর ঘূর্ণিঝড় কোমেনের আঘাতে ঘরবাড়ি সাগরে তলিয়ে যায়। এরপর ঋণ নিয়ে ৫০ হাজার টাকা খরচ করে মাটি আর টিনের ঘর তৈরি করে বসবাস করে আসছিলেন। কিন্তু রোয়ানু সেই ঘরটিও কেড়ে নিয়েছে। এতে পরিবার-পরিজন নিয়ে কষ্টে দিন কাটছে। এখন নতুন করে ঘর তৈরি করার মতো আর্থিক সামর্থ্য নেই।
মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ বলেন, ‘রোয়ানুর আঘাতে গৃহহারা পরিবারগুলোর নতুন ঘর তৈরির সামর্থ্য নেই। এ কারণে এসব পরিবারের লোকজনকে পুনর্বাসনের জন্য উদ্যোগ নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন করেছিলাম। কিন্তু কোনো কাজ হয়নি। এই পরিস্থিতিতে অনেক গৃহহারা পরিবার আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে। অনেকে বেড়িবাঁধে পলিথিনের তাঁবু টানিয়ে বসবাস করছে।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শফিউল আলম বলেন, ‘রোয়ানুর কবলে পড়ে মাতারবাড়ি ইউনিয়নের অন্তত এক হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে ৬০টি পরিবারকে পুনর্বাসনের জন্য ৬০ বান্ডিল ঢেউটিন ও ১ লাখ ৮০ হাজার টাকা বরাদ্দ পেয়েছি। শিগগিরই এসব ঢেউটিন ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিতরণ করা হবে।’
মহেশখালীর ইউএনও মোহাম্মদ আবুল কালাম বলেন, গৃহহারা পরিবারকে পুনর্বাসনের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।