গৃহহারা মানুষের কষ্টের জীবন

লাখ টাকা খরচ করে মাটির বাড়ি তৈরি করেছিলেন মোহাম্মদ শরীফ। সাত সদস্যের পরিবার নিয়ে সেই বাড়িতে এক বছরও বাস করতে পারলেন না। ঘূর্ণিঝড় ‘মোরা’র আঘাতে সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে টিনের ছাউনির বাড়িটি।
কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা চরপাড়া এলাকার বাসিন্দা শরীফ বললেন, ‘এখন পরিবার-পরিজন নিয়ে খোলা আকাশের নিচে অনাহারে-অর্ধাহারে মানবেতর জীবন যাপন করছি। এখন এক বেলা খাবার জুটলেও বাকি দুই বেলা না খেয়ে থাকতে হচ্ছে।’ পেশায় জেলে শরীফের স্ত্রী আনোয়ারা বেগম বলেন, ‘প্রতিদিন অভাব-অনটন লেগেই থাকে। যেদিন সাগরে মাছ ধরতে যাই, সেদিন কোনো রকমে দুই বেলার খাবার জোটে।’ যেখানে সংসার টানতে হিমশিম, সেখানে নতুন করে ঘর তৈরি তাঁদের কাছে দুঃস্বপ্ন ছাড়া কিছুই নয়। বলতে বলতে কান্নায় কণ্ঠ ধরে আসে তাঁর।
গতকাল মঙ্গলবার বিকেলে সরেজমিনে মহেশখালীর বিভিন্ন এলাকায় মানুষের এমন কান্না আর হতাশার চিত্র চোখে পড়েছে। বিশেষ করে জেলেসহ নিম্ন আয়ের মানুষগুলো ঘূর্ণিঝড় ‘মোরা’র আঘাতে উপজেলার বহু মানুষ ঘরবাড়ি হারিয়ে কঠিন পরিস্থিতির মুখে পড়েছে।
তাজিয়াকাটা চরপাড়া এলাকারই আরেক জেলে নুরে আলম। তিনি বলেন, ‘আমরা সরকার থেকে কোনো ত্রাণ চাই না। চাই গৃহনির্মাণের জন্য আর্থিক সহযোগিতা।’
ঘূর্ণিঝড়ের ফলে উপজেলার কুতুবজোমের পাশাপাশি মাতারবাড়ী ও ধলঘাট ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এসব এলাকার সাড়ে পাঁচ হাজার ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এসব মানুষ এখন খোলা আকাশের নিচে বাস করছে।
কুতুবজোম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশারফ হোসেন বলেন, ঘূর্ণিঝড়ের ফলে তাঁর এলাকার ২০০ ঘরবাড়ি একেবারেই ভেঙে গেছে। গৃহহারা এসব মানুষের অনেকেরই নতুন করে ঘর তৈরির সামর্থ্য নেই। ফলে পরিবার-পরিজন নিয়ে কেউ আশ্রয়কেন্দ্রে, আবার কেউ আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে। তিনি নিজের অবস্থান থেকে এসব মানুষের সহায়তায় যতটা সম্ভব চেষ্টা করবেন।
ধলঘাট ইউপির চেয়ারম্যান কামরুল হাসান বলেন, ঘূর্ণিঝড়ে তাঁর এলাকার ১৪টি গ্রাম লন্ডভন্ড হয়ে গেছে। এতে গাছের ঢালপালা ভেঙে পড়ে ৩০০ ঘরবাড়ি সম্পূর্ণ ভেঙে গেছে। আর বাঁধ ভেঙে সরইতলা গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
মাতারবাড়ী ইউপির চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ বলেন, ঘূর্ণিঝড় মোরার কবলে পড়ে পাঁচ হাজার কাঁচা ঘরবাড়ি সম্পূর্ণ ভেঙে গেছে। আর আংশিক বিধ্বস্ত হয়েছে আরও তিন হাজার ঘরবাড়ি।
উপজেলা প্রশাসন বলছে, ঘূর্ণিঝড় মোরার কবলে পড়ে উপকূলীয় দ্বীপ ধলঘাট, মাতারবাড়ী, কুতুবজোম ও পৌর এলাকার অন্তত ২৮টি গ্রাম লন্ডভন্ড হয়ে যায়। এতে গাছের ঢালপালা পড়ে অন্তত ছয় হাজার ঘরবাড়ি একেবারেই ভেঙে যায়। এ ছাড়া বিধ্বস্ত হয়েছে উত্তর নলবিলা উচ্চবিদ্যালয়ের টিনশেড ভবনটি।
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিভীষণ কান্তি দাশ প্রথম আলোকে বলেন, ‘ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য তাৎক্ষণিকভাবে ১৯ মেট্রিক টন চাল বরাদ্দ পেয়েছি। তাই এসব চাল বিতরণ করার জন্য সংশ্লিষ্ট ইউপিতে পাঠিয়ে দিয়েছি।’
এদিকে গতকাল সকালে সাগর থেকে ফেরার পথে ঘূর্ণিঝড় ‘মোরা’র কবলে পড়ে মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে ১৫ জেলে নিয়ে একটি মাছধরার নৌকা ডুবে গেছে। ইউএনও বলেন, গতকাল সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ জেলেদের কোনো হদিস মেলেনি। খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতায় বিলম্ব হচ্ছে।
এ ছাড়া মহেশখালীর গোরকঘাটা-শাপলাপুর সড়কের ওপর গাছপালা ভেঙে পড়ে সকাল থেকে যোগাযোগ-ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।