উপজেলা নির্বাচনোত্তর হামলায় গৃহহারা যশোর সদর উপজেলার মুড়লী গ্রামের ৪৪ পরিবারের সদস্যরা মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন। নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার দাবিতে গতকাল শনিবার সকালে তাঁরা যশোরের অভয়নগরের সদর নওয়াপাড়ায় যশোর-খুলনা মহাসড়কে মানববন্ধন এবং নওয়াপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।
সকালে যশোর-খুলনা মহাসড়কে মানববন্ধন করেন ভুক্তভোগী ৪৪ পরিবারের নারী, পুরুষ ও শিশুরা। এরপর নওয়াপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী গৃহবধূ শারমিন আক্তার। তিনি বলেন, ‘গত ২৩ মার্চ যশোর সদর উপজেলা নির্বাচনে আমরা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাসুক হাসানের পক্ষে কাজ করি। এ কারণে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের ক্যাডার বাহিনীর সদস্য নাসির, জাহিদ, পারভেজ, ছোট্ট, সাগর, মোহিত, টুটুল, সোহেল ও টাক ইব্রাহিম মুড়লী গ্রামের খাঁ পাড়ার ৪৪টি পরিবারের বাড়িঘরে লুটপাটের পাশাপাশি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। আমাদের বসতবাড়ি থেকে বিতাড়িত করা হয়।’
শারমিন আক্তার বলেন, গৃহহারা পরিবারের প্রায় ৩০০ লোক যশোর, খুলনা ও ঝিনাইদহের বিভিন্ন এলাকায় বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন। তাঁদের ছেলেমেয়েদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে। এর মধ্যে অভয়নগরের বাগদহ গ্রামে ১৫টি, নওয়াপাড়া রেল বস্তিতে দুটি, মনিরামপুরের মাছনা গ্রামে একটি, খানপুর গ্রামে একটি, বেগারিতলা গ্রামে তিনটি ও চালকিডাঙ্গা গ্রামে একটি, যশোর সদর উপজেলার চাঁচড়া ও সাড়াপোল এলাকায় ১০টি ও বসুন্দিয়া এলাকায় চারটি, খুলনার খালিশপুর এলাকার রেল বস্তিতে তিনটি এবং ঝিনাইদহের কালীগঞ্জে পাঁচটি ও কচুয়ায় দুটি পরিবার আশ্রয় নিয়েছে। এসব পরিবারের মধ্যে মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তিনজন, উচ্চমাধ্যমিক অধ্যয়নরত আটজন এবং স্নাতক ও স্নাতকোত্তর অধ্যয়নরত রয়েছেন চারজন। এসব শিক্ষার্থী বাড়িঘরে না ফিরতে পারায় তাঁদের লেখাপড়া বন্ধ হতে চলেছে।