গৃহহীন মানুষেরা এখনো খোলা আকাশের নিচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানি নেমে গেছে এক মাস। এর পরপরই যশোরের কেশবপুর উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্র ও রাস্তার ওপর থেকে হতদরিদ্র মানুষগুলো নিজ নিজ বসতভিটায় ফিরে এসেছেন, কিন্তু বিপদ তাঁদের পিছু ছাড়ছে না। দীর্ঘ জলাবদ্ধতার কারণে তাঁদের মাটির ঘর একেবারে ধসে গেছে। এ কারণে তাঁরা নারী ও শিশুদের নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন।

সরেজমিনে দেখা গেছে, কেশবপুরের হাবাসপোল এলাকার হাজিরা খাতুনের মাটির ঘরের কোনো চিহ্ন নেই। মাটির সঙ্গে মিশে গেছে। তিনি এখন খোলা আকাশের নিচে আছেন। তাঁর স্বামী জোহরুল ইসলাম এবং ছেলে শাওন অন্যের বাড়িতে থাকেন। জানতে চাইলে হাজিরা খাতুন প্রথম আলোকে বলেন, ‘তাঁর স্বামী দিনমজুর। এখন তেমন কোনো কাজ নেই, তাই তেমন রোজগারও নেই। তাঁদের খেয়ে না-খেয়ে দিন কাটছে। তা ছাড়া শৌচাগারটিও পানিতে নষ্ট হয়ে গেছে। এতে প্রকৃতির ডাকে সাড়া দেওয়া মুশকিল হয়ে পড়েছে।’

মধ্যকুল মধ্যপাড়ার গৃহবধূ জেসমিন বলেন, ‘না খেয়ে এক বেলা থাকা যায়, কিন্তু থাকার ঘর না থাকলে কীভাবে বাঁচা যায়?’

একই পাড়ার রোকেয়া বেগম বলেন, একে তো থাকার জায়গা নেই, তার ওপর মাঝেমধ্যে রান্নাবান্নাও করতে পারছেন না। এই তো, গত শুক্রবার নিম্নচাপের কারণে বৃষ্টি হয়। তাঁদের চুলা ও খড়ি ভিজে যায়। রান্না-খাওয়া বন্ধ রাখতে হয়। কোনো রকমে পলিথিন মাথায় দিয়ে ছেলেমেয়ে নিয়ে রাত পার করেন।

আকবর মোল্লা বলেন, রাস্তা থেকে বাড়ি ফিরেছেন এক মাস হলো। এরপর থেকে খোলা আকাশের নিচে আছেন। প্রশাসন কিংবা জনপ্রতিনিধি কেউ কোনো খোঁজই নেননি। এর চেয়ে রাস্তার ওপরই ভালো ছিল।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, এ পাড়ার ৩০টি পরিবারের মাটির ঘর একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। পানি নেমে গেলেও এখনো প্রায় সব জায়গা স্যাঁতসেঁতে। গবাদিপশু নিয়েও তাঁরা বেকায়দায় আছেন।

হাবাসপোল এলাকার ভ্যানচালক শাহজাহান বলেন, বাড়ি এসে দেখেন তাঁর ঘর দুটি নষ্ট হয়ে গেছে। ভ্যান চালিয়ে রোজগার করতেন। উপায় না দেখে ভ্যানটি বিক্রি করে কোনো রকমে পুরোনো টিন দিয়ে মাথার ওপরে চালা দিয়েছেন। চারপাশে কোনো বেড়া দিতে পারেননি। এর মধ্যেই পরিবারের সদস্যদের নিয়ে কোনো রকমে আছেন।

মধ্যকুল মাদ্রাসাপাড়ার চারটি পরিবার এখনো পাড়ার রাস্তার পাশে টংঘরে বসবাস করছে। এ পাড়ার হাসানুজ্জামান বলেন, ‘একটিই ঘর ছিল, জলাবদ্ধতায় নষ্ট হয়ে গেছে। এখন কোথায় থাকব?’

কেশবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলাউদ্দীন বলেন, ‘আমার ইউপিতে ৭০০ মানুষের ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে। মানুষগুলো মানবেতর জীবন যাপন করছেন। সরকারি টিন পেলে এসব মানুষের দুর্ভোগ কিছুটা কমত।’

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কেশবপুর পৌর এলাকায় ১ হাজার ৫৩৪টি ঘর ভেঙে নষ্ট হয়ে গেছে। এর মধ্যে কেশবপুর ইউপিতে ৩৪২টি ঘর পুরোপুরি নষ্ট হয়ে গেছে। উপজেলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ রায়হান কবির বলেন, ‘মানুষ মানবেতর জীবন যাপন করছেন। আমি আলতাপোল এলাকা পরিদর্শন করে মানুষের দুর্ভোগ দেখে এসেছি। আমাদের কাছে ২৫৫ বান্ডিল টিন আছে। আর বেসরকারিভাবে কিছু সহায়তা পাব বলে আশা করছি। সব মিলিয়ে খুব শিগগির গৃহহারা মানুষদের পাশে দাঁড়াতে পারব।’

গত আগস্টে অতিবর্ষণে উপজেলার প্রায় ১৬১ বর্গকিলোমিটার এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে ৮০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়ে। তাদের মধ্যে অন্তত ২০ হাজার মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্র ও রাস্তার ধারে আশ্রয় নেয়। সেখানে ১৫ থেকে ২০ দিন থাকতে হয়।