গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী 'পতেঙ্গার পারে উপশহর গড়ে তোলা হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গতকাল বুধবার দিনব্যাপী চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) বিভিন্ন প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন। এ ছাড়া তিনি চট্টগ্রাম নগরের গুরুত্বপূর্ণ মাঠ ও পার্ক এলাকাও পরিদর্শন করেন।

প্রকল্প এলাকা পরিদর্শন করার সময় মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, দুবাই ও করাচি নগরের আদলে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রপাড়ে নতুন উপশহর গড়ে তোলা হবে। এই উপশহরে আবাসিক-বাণিজ্যিক এলাকার পাশাপাশি পর্যটকদের জন্য হোটেল-মোটেল নির্মাণ করা হবে।

গতকাল দুপুরে চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্রসৈকত ও আউটার রিং রোড প্রকল্প এলাকা পরিদর্শন শেষে মন্ত্রী জানান, আগামী এপ্রিল-মে মাসের মধ্যে প্রকল্পটির কাজ শুরু হবে। এ সময় তিনি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাহ আমানত সেতু পর্যন্ত ১৮ কিলোমিটার দৈর্ঘ্যের উড়ালসড়ক নির্মাণের ঘোষণা দেন। পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব গোলাম রব্বানী, চউকের চেয়ারম্যান আবদুচ ছালাম, চউকের সচিব তাহেরা ফেরদৌস, বোর্ড সদস্য মফিজুর রহমান ও ইউনুস গণি, তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী হাসান বিন শামস প্রমুখ।