গৃহায়ণ কর্মকর্তাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা অনুমোদন
জাল দলিল তৈরি করে দিনাজপুর হাউজিং এস্টেটের একটি প্লট অন্যের নামে বিক্রি করে দেওয়ার অভিযোগে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের দুই কর্মকর্তাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বুধবার দুদক এ মামলার অনুমোদন দেয়। শিগগিরই দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয়ের অনুসন্ধানকারী কর্মকর্তা বাদী হয়ে মামলাটি দায়ের করবেন বলে দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
যাদের বিরুদ্ধে মামলার অনুমোদন দেওয়া হয়েছে তাঁরা হলেন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চট্টগ্রাম বিভাগীয় অফিসের সহকারী প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন ও দিনাজপুর বিভাগের সহকারী কম্পিউটার অপারেটর মো. সাইদুর রহমান, দিনাজপুরের বাসিন্দা মো. আনোয়ারুল হক, গুলনাহার বেগম ওরফে গুলনাহার মনছুর ও মো. মোজাহারুল হক।
দুদক সূত্র জানায়, সহকারী প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন এর আগে দিনাজপুরে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন। সেখানে কর্মরত থাকা অবস্থায় দিনাজপুর হাউজিং এস্টেটের একটি প্লট জনৈক ইসহাক আলীর সঙ্গে বায়না দলিল করেন। পরে বাকি আসামিদের যোগসাজশে সেই জাল দলিলে ‘না দাবি’ প্রস্তুত করে অন্যের নামে বিক্রি করেন।
দুদকের অনুসন্ধানে এই জালিয়াতির বিষয়টি দণ্ডবিধির ৪৭১ ও ১০৯ এবং ১৯৪৭ সালের ২ নম্বর দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অপরাধ প্রমাণ হওয়ায় তাঁদের বিরুদ্ধে মামলার অনুমোদন দেয় কমিশন।