গৃহায়ণের ৭ কর্তাকে দুদকে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ২১ বছর ধরে বঞ্চিত করে একজনের প্লট অন্যের নামে বরাদ্দ দেওয়ার অভিযোগ অনুসন্ধানে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সদস্য, পরিচালকসহ ঊর্ধ্বতন সাত কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুদকের উপপরিচালক জুলফিকার আলী এ বিষয়ে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবর চিঠি পাঠিয়েছেন। তলবি নোটিশে এসব কর্মকর্তাকে ১০ মার্চ দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। তাঁরা হলেন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সদস্য (যুগ্ম সচিব) আজহারুল হক, পরিচালক মো. শাহনেওয়াজ চৌধুরী, উপপরিচালক এস এম টিপু সুলতান ও আল মামুন মোর্শেদ, সহকারী পরিচালক মোস্তফা কামাল এবং সংস্থার গৃহসংস্থান বিভাগের সাবেক প্রধান প্রকৌশলী আমির আলী মণ্ডল ও মো. মহিবুর রহমান।