সম্প্রচার নীতিমালার গেজেট প্রকাশ করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিকদের দুটি সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি শওকত মাহমুদ, মহাসচিব এম এ আজিজ ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সভাপতি আবদুল হাই শিকদার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান।
গতকাল শুক্রবার এক যৌথ বিবৃতিতে বিএফইউজে ও ডিইউজের নেতারা এ উদ্বেগ জানান। এর প্রতিবাদে আজ শনিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ ডেকেছে সংগঠন দুটি। সমাবেশে অংশ নিতে সংগঠন দুটির পক্ষ থেকে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, স্বাধীন ও মুক্ত গণমাধ্যমে বিশ্বাসীদের প্রবল প্রতিবাদ ও বিক্ষোভ সত্ত্বেও গণমাধ্যমের কণ্ঠরোধ ও মতপ্রকাশের অধিকার হরণে ক্ষমতাসীনরা সম্প্রচার নীতিমালার গেজেট প্রকাশ করেছে। এ নীতিমালাকে বাক্স্বাধীনতা কেড়ে নেওয়ার হাতিয়ার এবং মুক্তিযুদ্ধের মূল চেতনার পরিপন্থী বলে দাবি করে নীতিমালা প্রতিহতের প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।
বিবৃতিতে বিএফইউজে ও ডিইউজের নেতারা সরকারকে হুঁশিয়ারি জানিয়ে বলেন, গণতন্ত্র ও মৌলিক অধিকার এবং গণমাধ্যমের স্বাধীনতার বিরুদ্ধে অতীতে কেউ পার পায়নি, বর্তমান ক্ষমতাসীনরাও পার পাবে না।