অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাবিধি-সংক্রান্ত গেজেট প্রকাশের জন্য আরও এক সপ্তাহ সময় পেয়েছে রাষ্ট্রপক্ষ। সময় চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ছয় সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এই সময় দেন।
এর আগে ১৭ জুলাই রাষ্ট্রপক্ষের দুই সপ্তাহ সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ বলেছিলেন, ‘নট দিস উইক’। এর ধারাবাহিকতায় আজ বিষয়টি আদেশের জন্য কার্যতালিকার এক নম্বর ক্রমিকে ওঠে। আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সময়ের আবেদন জানান। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক।
পরে একরামুল হক প্রথম আলোকে বলেন, দুই সপ্তাহ সময় চাওয়া হয়েছিল, আদালত এক সপ্তাহ সময় দিয়েছেন।
১৯৯৯ সালের ২ ডিসেম্বর আপিল বিভাগ মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেন। রায়ের আলোকে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল। আপিল বিভাগের নির্দেশনার পর ২০১৫ সালের ৭ মে আইন মন্ত্রণালয় বিধিমালার একটি খসড়া তৈরি করে সুপ্রিম কোর্টে পাঠায়। ওই বিধিমালা সংশোধন করে দেন আপিল বিভাগ। এই খসড়া আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। এই বিধিমালা গেজেট আকারে জারি করে তা দাখিল করতে গত বছরের ২৮ আগস্ট আইন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ। এরপর রাষ্ট্রপক্ষ কয়েক দফা সময় নেয়।