গেজেট প্রকাশে হাইকোর্টের নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ওপর তিন মাসের নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট। গতকাল সোমবার হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন।
৭ মে সদর রুহিয়া পশ্চিম ইউপির নির্বাচন হয়। ভোট গণনার পর আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী অনিল কুমার সেনকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. নুরুজ্জামান সরদার। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির মো. মোস্তফা কামাল। একটি কেন্দ্রের ফলাফল পাল্টে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে মর্মে অভিযোগ এনে ফলাফল প্রত্যাখ্যান করেন মোস্তফা কামাল।
ভোটের পরদিন ৮ মে সংবাদ সম্মেলন করে মোস্তফা কামাল বলেন, ভোট গ্রহণ শেষে নয়টি কেন্দ্রের সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তারা চেয়ারম্যান প্রার্থীদের ভোট গণনার বিবরণীতে সিল ও সই দিয়ে তাঁর এজেন্টদের হাতে দেন। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাদের সই দেওয়া ভোট গণনার বিবরণ অনুযায়ী তিনি পেয়েছেন ৪ হাজার ৮১৭ ভোট। আর অনিল কুমার সেন পেয়েছেন ৪ হাজার ৪৬৫ ভোট। এ দুই প্রার্থীর ভোটের ব্যবধান হিসাব করলে তাঁর ৩৫২ ভোটে জয়ী হওয়ার কথা। কিন্তু পরে উপজেলা সদরে গিয়ে মন্ডলাদাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফল পাল্টে অনিল কুমার সেনকে বিজয়ী ঘোষণা করা হয়। ১২ মে নির্বাচনের ফলাফল ঘোষণায় গেজেট প্রকাশে স্থগিতাদেশ চেয়ে উচ্চ আদালতে রিট আবেদন করেন মোস্তফা কামাল।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. শুকুর মাহমুদ মিঞা বলেন, ‘হাইকোর্টের তিন মাসের নিষেধাজ্ঞা জারির কথা শুনেছি। তবে এখন পর্যন্ত দপ্তর থেকে কোনো কাগজপত্র পাইনি।’