গেজেট প্রকাশের আগে ইসির কিছু করার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারিভাবে গেজেট প্রকাশের আগ পর্যন্ত জেলা পরিষদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের (ইসি) কিছু করার নেই বলে জানিয়েছেন সংসদকাজে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আনিসুল হক। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।
জাতীয় পার্টির এ কে এম মাঈদুল ইসলামের এ-সম্পর্কিত প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, জেলা পরিষদ আইন অনুযায়ী পরিষদ গঠনের জন্য সরকার গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে যে তারিখ নির্ধারণ করবে, সেই তারিখের মধ্যে নির্বাচন কমিশন নির্বাচন করবে। কিন্তু নির্বাচন কমিশন এমন কোনো প্রজ্ঞাপন পায়নি। নির্বাচন পরিচালনার জন্য বিধি প্রণয়ন করবে সরকার। সেটিও হয়নি।
প্রশ্নোত্তর পর্ব শুরুর আগে বিকেল সাড়ে চারটার পর স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।
সরকারি দলের ফজিলাতুন্নেসা বাপ্পীর প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, উৎসবমুখর পরিবেশে সারা দেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পৌরসভা নির্বাচন হয়েছে। বিচ্ছিন্ন ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে ২৩৪টি পৌরসভার ৩ হাজার ৫৫৪টি ভোটকেন্দ্রের মধ্যে মাত্র ৫১টির ভোট গ্রহণ বন্ধ করা হয়েছিল। বন্ধ হওয়া ভোটকেন্দ্রেও পরে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে।
সরকারি দলের দিদারুল ইসলামের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে ৯৫ শতাংশ অবৈধ বিলবোর্ড অপসারণ করা হয়েছে। একই দলের শামসুল হক ভূঁইয়ার প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিটি নির্বাচনী এলাকায় ২০ কোটি টাকা করে দেওয়ার জন্য পল্লি অবকাঠামো উন্নয়ন-২ নামের একটি প্রকল্প অনুমোদিত হয়েছে। এই প্রকল্পে মোট ব্যয় হবে ৬ হাজার ৭৬ কোটি টাকা।
নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে খন্দকার মোশাররফ বলেন, রাজধানী ঢাকার অধিকাংশ ঢাকনাবিহীন ম্যানহোল ইতিমধ্যে মেরামত করা হয়েছে। বাকিগুলো দ্রুত মেরামত করা হবে। সোহরাব উদ্দিনের প্রশ্নের জবাবে তিনি বলেন, নাগরিক সেবা নিশ্চিত করতে ও কর ফাঁকি রোধে সিটি করপোরেশন এলাকায় অভিন্ন ইনডেক্স নম্বর চালু করা হবে।
তরীকত ফেডারেশনের এম এ আউয়ালের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে ১ লাখ ৮৫ হাজার ৪৭২ জন সদস্যের মধ্যে সম্পদ বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৪৮ হাজার ৩০০ জনকে গবাদিপশু, ২১ হাজার ২৫২ জনকে গৃহনির্মাণের জন্য ঢেউটিন এবং ১ লাখ ১৫ হাজার ৯২০ জনকে হাঁস-মুরগি, সবজিবীজ ও গাছের চারা দেওয়া হয়েছে।