গেজেট প্রকাশের দাবিতে চট্টগ্রামে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ
সরকার দাবি মেনে নিলেও গেজেট প্রকাশ না করায় চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্ররা আজ সোমবার পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেন। তাঁরা এ সময় আধাঘণ্টা নগরের ষোল শহরের ২ নম্বর গেট থেকে অক্সিজেন সড়ক পুরো দখল করে রাখেন। পরে পুলিশ এসে তাঁদের সরিয়ে দিলে ওই সড়কে যানচলাচল স্বাভাবিক হয়।
ক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযোগ করেন, সরকার তাঁদের দাবি মেনে নিলেও এখন পর্যন্ত গেজেট প্রকাশ করেনি। এ কারণে তাঁরা ইনস্টিটিউটের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়ে সকাল ১০টা ২০ মিনিটের দিকে সড়কে অবস্থান নেন। এতে ওই সড়ক দিয়ে রাঙামাটি, খাগরাছড়ি ও বান্দরবানে চলাচলকারী শতাধিক যানবাহন আটকা পড়ে। পরে বেলা ১১টার দিকে পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দিলে যানচলাচল স্বাভাবিক হয়।
আজ সকাল ১০টা থেকে চতুর্থ ও ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা ছিল।
সড়ক অবরোধ প্রসঙ্গে বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদের (বাকাছাপ) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব মো. হেদায়েত উল্লাহ বলেন, ‘আমাদের কর্মসূচি শুধু পরীক্ষা বর্জন, কোনো ধরনের সড়ক অবরোধ অথবা বিশৃঙ্খলা সৃষ্টি নয়। এটা আসলে ক্ষুব্ধ কিছু শিক্ষার্থী নিজ উদ্যোগেই করেছে।’
নাসিরাবাদ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ সালেহ আহমেদ শিক্ষার্থীদের পরীক্ষা বর্জনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘১৫ দিনের মধ্যে গেজেট প্রকাশের মাধ্যমে শিক্ষার্থীদের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় তাঁরা পরীক্ষা বর্জন করছে। এর পরও আমি তাদের পরীক্ষায় অংশগ্রহণের অনুরোধ জানিয়েছি।’
পেশাগত বৈষম্য নিরসন ও সুপারভাইজিং পদ পরিবর্তনসহ দুই দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সম্প্রতি বিক্ষোভ করেন।
পরে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়, পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পাস করা শিক্ষার্থীরা চাকরিতে যোগ দেওয়ার সময় সুপারভাইজার নয়, তাঁদের পদ হবে উপসহকারী প্রকৌশলী এবং পাস করা শিক্ষার্থীরা ডিপ্লোমা প্রকৌশলী হিসেবে বিবেচিত হবেন। একই সঙ্গে ১৫ দিনের মধ্যে গেজেট প্রকাশের আশ্বাস দেয় সরকার। ১২ অক্টোবর সেই সময় শেষ হয়ে যায়।